নয়াদিল্লি, ২৮ অক্টোবর: সামনেই শীতকাল। তখন কুয়াশার দাপটে বিমান চলাচল ব্যাহত হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে বেসরকারি বিমান সংস্থাগুলিকে আগাম সতর্কতার নির্দেশ দিল অসামরিক বিমান মন্ত্রক। শীতকালীন কুয়াশার কারণে উড়ান বাতিল, লেট কিংবা সময়সূচি পরিবর্তন হলে যাত্রীদের তা সময়মতো জানানোর জন্য বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগে পূর্বাভাস অনুযায়ী সামনের মরশুমে শীত ১৫ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। তার আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ বিমান সংস্থাগুলিকে। এই বৈঠকে উপস্থিত ডিজিসিএ-র ডিরেক্টর জেনারেল বীর বিক্রম যাদব, এএআই-এর চেয়ারম্যান পুনীত কানসাল সহ বিসিএএস, সিআইএসএফ, আইএমডি, দিল্লি বিমানবন্দর এবং বিভিন্ন এয়ারলাইন্সের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।
আসন্ন শীতের কথা মাথায় রেখে বিমান মন্ত্রকের তরফ থেকে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই আগাম প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। কীভাবে শীতকালীন মরশুমে যাত্রীদের নিরাপদে বিমান পরিষেবা দেওয়া হবে। বিমান ছাড়তে দেরি হলে বা বাতিল হলে এসএমএস, ইমেল ও মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীদের আগেই সতর্ক করতে হবে এই বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যাতে তাঁরা এয়ারপোর্টে আসার আগেই বিমানের সঠিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। এর পাশাপাশি বিভ্রান্তিকর পরিস্থিতিতে হেল্পডেস্কে পর্যাপ্ত কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেলে বিমান চলাচলের জন্য উপযুক্ত পরিস্থিতি আছে কি না তা তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিমান পরিবহণ নিয়ামক সংস্থাকে। অন্যদিকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও বিমানবন্দর সংস্থাগুলিকে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ও রানওয়ে ভিজ্যুয়াল রেঞ্জ পরিকাঠামো সম্পূর্ণ সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । আবহাওয়ার সঠিক পূর্বাভাস নিশ্চিত করতে আবহাওয়া দপ্তরকে রিয়েল টাইম তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিমানের যাত্রীদের অনেক সুবিধা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



