অর্ণবে তছনছ অন্ধ্রপ্রদেশ! ঝড়ের দাপটে ভেঙে চুরমার রাস্তা-গাছ-ইলেকট্রিক পোল
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১৩:৫০
Prefer us on Google

বিশাখাপত্তনম, ২৮ অক্টোবর: মধ্যরাতেই ল্যান্ডফল। উপকূলে আছড়ে পড়ার আগেই আন্দাজ করা গিয়েছিল তার ভয়াবহ রূপ। মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে পুদুচেরির ইয়ানাম উপকূলে আছড়ে পড়ে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় । ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে উপকূলজুড়ে তাণ্ডব চালায় ‘অর্ণব’। কাঁকিনাড়া, আনাকাপল্লি, বিশাখাপত্তনম-সহ একাধিক জেলায় তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি। অর্ণবের কারণে কোথাও রাস্তা ভেঙে গিয়েছে, কোথাও আবার মুচড়ে পড়েছে ইলেকট্রিক পোল। বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন। ওড়িশাতেও অর্ণবের প্রভাবে মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝড়ের তীব্র দাপটের ছবি ধরা পড়েছে। উপড়ে গিয়েছে বড়ো বড়ো গাছ।

Advertisement

ইয়ানামে ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতি থাকলেও, অন্ধ্র উপকূলের কোথাও কোথাও বাতাসের গতিবেগ ছুঁয়েছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। কাঁকিনাড়ায় ঝড়ের তাণ্ডবে এবং উত্তাল সমুদ্রের জলরাশির তীব্র ধাক্কায় তছনছ হয়ে গিয়েছে রাস্তাঘাট। বন্ধ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী যোগাযোগ ব্যবস্থা। ইয়ানামের কাছে জাতীয় সড়কে সারি সারি গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে গেছে গোটা রাস্তা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘা বিঘা চাষের জমি। 

অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় চলছে লাগাতার ভারী বৃষ্টি। ওড়িশাতেও একই ছবি। চেন্নাইয়ের এন্নোরে উত্তাল সমুদ্রের জলরাশির ধাক্কায় রাস্তা দিয়ে যাওয়া এক বাইকচালক জলের তোড়ে ভেসে যান! সোজা উল্টে পড়েন রাস্তায়। এমনই এক রোমহর্ষক দৃশ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বর্তমান ডিজিটাল)।

অর্ণবের তাণ্ডবে সর্বত্রই প্রবল বর্ষণের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ওড়িশার গজপতি, গঞ্জাম, রায়গাড়া ও কোরাপুট জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পুরী, সম্বলপুর, দেওগড় ও কালাহান্ডি-সহ একাধিক জেলাতেও ঝড়ের সঙ্গে চলছে ভারী বৃষ্টি। নিচু এলাকাগুলিতে জল থইথই অবস্থা। পুরীতে সমুদ্র সৈকতে পর্যটকদের নামার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

অর্ণবের প্রভাব পড়েছে বাংলাতেও। দিঘা ও মন্দারমণিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। চলছে লাগাতার পুলিশের মাইকিং। মঙ্গলবার রাত থেকেই কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত। কলকাতায় রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। উপকূলের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে।