উত্তরপ্রদেশ, ২৮ অক্টোবর: সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার পাশে একটি গভীর খাদে স্কুল বাস উল্টে যাওয়ায় আহত হয়েছে অন্তত ১৪ জন শিশু। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি উত্তরপ্রদেশের রাহতা থানা এলাকায়।
জানা গিয়েছে, আজ বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ রোহতা থানা এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল একটি স্কুলবাস। বাসটিতে ছিল মোট ১৯ জন শিশু। আচমকাই একটি গভীর খাদে বাসটি উল্টে যাওয়ায় আহত হয়েছে অন্তত ১৪ জন। এরপর দুর্ঘটনাটি দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। এরপর আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় আতদের পরিবারকে। আহতদের মধ্যে দুই জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পুলিশের এক আধিকারিক জানান, বেশিরভাগ শিশুরা বিপদমুক্ত। পাশাপাশি বাসের চালককে হেফাজতে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তদন্তাকারী দল।



