Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গে শীতের দাপট অব্যাহত, সঙ্গে থাকছে উত্তুরে হাওয়াও

আপাতত আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে বলে অনুমান হাওয়া অফিসের।

বঙ্গে শীতের দাপট অব্যাহত, সঙ্গে থাকছে উত্তুরে হাওয়াও
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে বলে অনুমান হাওয়া অফিসের। পাশাপাশি উত্তুরে হাওয়ার প্রভাবও থাকবে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রার বিরাট কোনও হেরফের হবে না। রবিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। এদিকে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা আজ, শনিবার শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করবে বলে জানানো হয়েছে। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী সাতদিন রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক উত্তুরে হাওয়া বজায় থাকবে। এক আধিকারিকের কথায়, নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়ছে না রাজ্যে। তবে পরোক্ষভাবে ওই নিম্নচাপের জন্য উত্তুরে হাওয়ার প্রভাব খানিকটা হলেও বাড়বে।
দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কিছু জায়গায় সকালের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।   
এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিউড়িতে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। কলকাতার আশপাশের এলাকা দমদম, সল্টলেক, বসিরহাট, ক্যানিং, ডায়মন্ডহারবার, বারাকপুরের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যেই ছিল। আবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, কল্যাণী, কোচবিহারর তাপমাত্রা ছিল ৭ ডিগ্রির ঘরেই। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, পুরুলিয়া, আসানসোল, পানাগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ