ঋতব্রতর হাত ছেড়ে ফের মমতার পথে হাঁটবেন সাবিনা?
  • ১৪ অক্টোবর, ২০২৬ ১৪:৩৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলে থাকবেন অথচ পদে থাকবেন না। কাজ করে যাবেন, কিন্তু সংগঠনের দায়িত্বে থাকবেন না। ফের বিতর্কে সাবিনা ইয়াসমিন। আজ, বুধবার ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, বলেই জানিয়েছেন মালদার সুজাপুরের বিধায়ক সাবিনা।

Advertisement

কিছুদিন আগেই মমতা-তৃণমূল ছেড়ে যেসকল বিধায়ক ঋতব্রতর শিবিরে গিয়েছেন, তাঁদের মধ্যে ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। যে তালিকায় নাম ছিল বিধায়ক সাবিনা ইয়াসমিনেরও। এর পরেই সাবিনার এই সিদ্ধান্ত।

তবে দলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্রকে লেখা চিঠিতে সুজাপুরের বিধায়ক খুব তাৎপর্যপূর্ণভাবে এটাও উল্লেখ করেছেন, পদ ছাড়লেও দল ছাড়ছেন না তিনি। যা নিয়েই শুরু হয়েছে নতুন করে জল্পনা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সাবিনার মমতা-তৃণমূলে কামব্যাক তবে কি শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।