নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যুদ্ধ থামার ইঙ্গিত যদি না মেলে এবং এভাবেই সমুদ্রপথ অবরুদ্ধ থাকে, তাহলে এবার পেট্রল-ডিজেলে দামবৃদ্ধির পথেই অগ্রসর হবে কেন্দ্র। সরাসরি এই ঘোষণা না করা হলেও পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর মন্তব্য থেকে স্পষ্ট হচ্ছে এমনই ভাবনাচিন্তা ইতিমধ্যেই সরকারের মধ্যে অবর্তিত হচ্ছে। পেট্রলিয়াম মন্ত্রী বৃহস্পতিবার বলেন, এখনও পেট্রল, প্রাকৃতিক গ্যাসের জোগান মসৃণভাবে হচ্ছে না। অশোধিত তেলের দাম যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ৬৮ ডলার থেকে ১২০ ডলারে পৌঁছে গিয়েছিল। এখনও ওঠানামা করছে। এখন হয়ত ৯২ থেকে ৯৩ ডলার। একটা সময় আমাদের তেল সংস্থাগুলি ২৮ হাজার কোটি টাকাও লোকসান করেছে। সেই সময় ভারত সরকার ২২ হাজার কোটি ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের উপর আঁচ আসতে দেওয়া হয়নি।
পেট্রলিয়াম মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি বন্ধ হওয়া দরকার। সব কিছু অবিলম্বে স্বাভাবিক না হলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমরা চাই না দেশের পেট্রল পাম্প সঙ্কটে পড়ুক। অন্যদিকে পেট্রলিয়াম মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার চীনের শেনঝেনে হওয়া ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং জি জিনপিং এর বৈঠকের ফলশ্রুতি কী হয় সেদিকে ভারতও সাগ্রহে নজর রেখেছে। কারণ একটাই। তেল, প্রাকৃতিক গ্যাস ও সারের সাপ্লাই স্বাভাবিক হয় কিনা সেটাই দেখার। ইরান থেকে ইউক্রেন, দুই যুদ্ধ না থামলে এই জ্বালানি অনিশ্চয়তা কমবে না। আর সেক্ষেত্রে বোঝা চাপবে সাধারণ মানুষের উপরই। প্রসঙ্গত আগামী বছর ৬ রাজ্যে ভোট আসছে। সুতরাং যদি পেট্রপণ্যের দাম বৃদ্ধি করতেই হয়, নিশ্চিত এই বছরের মধ্যেই হয়ে যাবে। আর যদি পশ্চিম এশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটে, তাহলে সব ক্ষেত্রেই স্বস্তি।



