জাতীয় গড় ছাপিয়ে বাংলায়  গাড়ি বিক্রি বৃদ্ধি ৩৬ শতাংশ
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবছরের তুলনায় এবার বাংলায় গাড়ি বিক্রি বেশ খানিকটা বাড়ল। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিয়াম) রাজ্যভিত্তিক রিপোর্ট এমনটাই জানাচ্ছে।  ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত পশ্চিমবঙ্গে যাত্রীবাহী গাড়ির বিক্রি একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। গতবছর এই তিনমাসে দেশে মোট ১০ লক্ষ ৩৯ হাজার যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছিল। তার মধ্যে বাংলার ভাগ ছিল ২.৭ শতাংশ, সংখ্যার হিসাবে যা প্রায় ২৮ হাজার। এবার দেশে মোট বিক্রি বেড়ে হয়েছে ১৩ লক্ষ ৬১ হাজার। এবার বাংলার অংশীদারিত্ব বেড়ে হয়েছে ২.৮ শতাংশ, সংখ্যায় যা প্রায় ৩৮ হাজার। 
অর্থাৎ একবছরে বাংলায় যাত্রীবাহী গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ১০ হাজার। শতাংশের হিসাবে বৃদ্ধির হার প্রায় ৩৫.৮ শতাংশ। এই বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে বেশি। কারণ একই সময়ে সারা দেশে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে ১০.৩৯ লাখ থেকে ১৩.৬১ লাখে। অর্থাৎ বিক্রি বৃদ্ধি প্রায় ৩১ শতাংশ। বাংলার বৃদ্ধি তার চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, পুজোর মরশুমের আগেই গাড়ি কেনার ঝোঁক, সহজ কিস্তির সুবিধা আর নতুন মডেলের চাহিদা বাংলার যাত্রীবাহী গাড়ির বাজার  চাঙা রেখেছে।
শুধু যাত্রীবাহী গাড়িই নয়, সামগ্রিকভাবে দেশের গাড়ির বাজারেও গতবছরের তুলনায় বড়ো উত্থান এসেছে। গতবছর দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে মোট দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল ৫৫ লক্ষ ৬২ হাজার। এবার তা বেড়ে হয়েছে ৬৪ লক্ষ ৩৩ হাজার। বাণিজ্যিক গাড়ি গতবছর ২.৪০ লাখ থেকে বেড়ে এবার ৩.০৯ লাখ হয়েছে। আর থ্রি-হুইলার বা তিন চাকা গাড়ি গতবছর ২.২৯ লাখ থেকে বেড়ে এবার ২.৮৫ লাখ হয়েছে। আর এই চাঙা বাজারের সুবিধা বাংলাও পুরোপুরি পেয়েছে। এবার শুধু পশ্চিমবঙ্গেই বিক্রি হয়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি গাড়ি, যার মধ্যে দু’চাকাই প্রায় ২ লাখ ৮৩ হাজার। দেশের মোট দু’চাকা গাড়ি বিক্রির ৪.৪ শতাংশ।  দু’চাকা গাড়ি বিক্রিতে দেশের সেরা দশ রাজ্যের তালিকায় রয়েছে বাংলা। বাণিজ্যিক গাড়িতে বাংলায় বিক্রি হয়েছে ১০ হাজার ৮১৫টি, যা দেশের মোট বিক্রির ৩.৫ শতাংশ। সব মিলিয়ে গতবছরের একই সময়ের তুলনায় এবার বাংলার গাড়ির বাজার যে আরও বড়ো হয়েছে, আরও চাঙা হয়েছে, তা এই রিপোর্টেই স্পষ্ট।

Advertisement