নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাঁকুড়া-পুরুলিয়া থেকে দার্জিলিং-কালিম্পং। একই ছাতার তলায় সারা রাজ্যের সমস্ত হস্তশিল্পের সম্ভার। বৃহস্পতিবার থেকে নিউটাউনে শুরু হল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা-২০২৬। সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে এই মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের এই মেলায় রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় ৫ হাজার শিল্পী এই মেলায় অংশগ্রহণ করছেন। এদিন দপ্তরের মন্ত্রী দীপক বর্মন মেলার উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী অশোক দিন্দা, বিধায়ক বিজয় ওঝা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় আকভানের জেরে এদিন সকাল থেকেই বৃষ্টি। তার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন শিল্পীরা। কারণ, তাঁরা নিজেদের শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছেন। বৃষ্টিতে ভিজে গিয়ে বহু জিনিসপত্র। এমনকি, যে মাঠে মেলার সূচনা হল, তা কাদায় ভরে গিয়েছে। অন্যান্য বছর উদ্বোধনের দিন থেকেই ভিড় উপচে পড়ে। এদিন বৃষ্টির জেরে বেশিরভাগ স্টল খোলাই যায়নি। আসেননি ক্রেতারাও। তবে, প্রশাসনের পক্ষ থেকে মাঠ ঠিক করতে তৎপরতা শুরু হয়েছে। এক আধিকারিক বলেন, আমরা মাঠের কাদা ঠিক করার জন্য ইট ও বালি বিছিয়ে দেব। ফলে, আজ থেকে ক্রেতাদের আর সমস্যা হবে না।
মন্ত্রী দীপক বর্মনও বলেন, বৃষ্টির মধ্যে অসুবিধা হচ্ছে। কাদাও হয়েছে। দ্রুত সূর্যদেবের উদয় হোক। এদিন মঞ্চ থেকে তিনি দপ্তরের সচিবকে বলেন, এরাজ্যে চারটি শিল্পহাট রয়েছে। সেখানে যদি সাপ্তাহিক হাট বসানো যায়, তাহলে খুবই ভালো হয়। শিল্পীরাও উপকৃত হবেন।



