একঝাঁক সিদ্ধান্ত, কিস্তিতেও তোলা যাবে পিএফের টাকা,
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার অবসর গ্রহণের পর ইপিএফ অ্যাকাউন্ট থেকে কিস্তিতে টাকা তোলা যাবে। অর্থাৎ, অবসরের পরই একবারে ইপিএফ অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গ্রাহককে তুলে ফেলতে হবে না। বৃহস্পতিবার ইপিএফও অছি পরিষদের বৈঠকে এমনই গুরুত্বপূর্ণ প্রস্তাবে সিলমোহর দিয়েছে শ্রমমন্ত্রক। নেওয়া হয়েছে আরও কয়েকটি সিদ্ধান্ত। এবার থেকে যে কোনো গ্রাহক চাকরিজীবনে ইপিএফ অ্যাকাউন্টের ৯০ শতাংশ টাকা একবারে তুলে নিতে পারবেন। বাকি টাকার জন্যও আর এক বছর অপেক্ষা করতে হবে না। সেই সময়সীমা কমিয়ে আনা হয়েছে দু’মাসে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে অবসরের পর কিস্তিতে ইপিএফের টাকা তোলার সিদ্ধান্ত। মাসিক, ত্রৈমাসিক এবং বছরে দু’বার—যে কোনো একটি কিস্তি বেছে নিতে পারবেন অবসরপ্রাপ্ত গ্রাহকরা। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, গ্রাহকের মৃত্যুর পরেও যদি কিস্তির টাকা বাকি থাকে, সেক্ষেত্রেও নির্দিষ্ট পর্যায়ভিত্তিতে তা পেতে থাকবেন তাঁর নমিনি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা পদাধিকার বলে ইপিএফও অছি পরিষদের চেয়ারম্যান মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, এটি সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। কোনো গ্রাহক যদি অবসরের পর ইপিএফ অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা একবারেই তুলে নিতে চান, সেটাও পারবেন। বর্তমানে অবসরের পর, অর্থাৎ ৫৮ বছর বয়স হয়ে গেলেই পরবর্তী তিন বছরের মধ্যে ইপিএফ অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিতে হয় ইপিএফ গ্রাহককে। কারণ, তিন বছর পর থেকে ওই অ্যাকাউন্টে আর সুদ ধার্য হয় না। সেই নিয়ম আর থাকবে না। জানা যাচ্ছে, নতুন ব্যবস্থা চালু হলে যে টাকা গ্রাহকের পিএফ অ্যাকাউন্টে জমা থাকবে, তার উপরই সুদ ধার্য হবে।
এ তো গেল অবসরের কথা। চাকরিজীবনে ইপিএফের টাকা তোলার নিয়মেও আসছে বদল। এতদিন পর্যন্ত এই অ্যাকাউন্টে ২৫ শতাংশ টাকা ন্যূনতম ব্যালেন্স হিসাবে রাখতে হত। ৭৫ শতাংশ টাকা একবারে তুলে নিতে পারতেন ইপিএফ গ্রাহকরা। বাকি টাকা ১২ মাসের আগে তোলা যেত না। কিন্তু এদিন ইপিএফও অছি পরিষদের বৈঠকে সেই ন্যূনতম ব্যালেন্সের হার কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, ৫৫ বছর বয়সের আগেই ইপিএফ অ্যাকাউন্টে জমা টাকার ৯০ শতাংশ একবারে তুলে নেওয়া যাবে। ন্যূনতম ব্যালেন্স হিসাবে রাখতে হবে ১০ শতাংশ অর্থ। দু’মাস পর তা তুলে নিতে পারবেন গ্রাহক। টিইউসিসির সাধারণ সম্পাদক তথা ইপিএফও অছি পরিষদের সদস্য শিবপ্রসাদ তিওয়ারি বলেন, ‘ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত মিলেছে এদিনের বৈঠকে।’

Advertisement

অছি পরিষদে সিদ্ধান্ত

অবসরের পর কোনো গ্রাহক কিস্তিতে ইপিএফ অ্যাকাউন্টের টাকা তুলতে পারেন। মাসিক, ত্রৈমাসিক কিংবা বছরে দু’বার মিলবে এই সুবিধা। এতদিন অবসরের পর অ্যাকাউন্টের পুরো টাকাই পরবর্তী তিন বছরের মধ্যে তুলে ফেলতে হতো। এবার তার প্রয়োজন থাকছে না। এমনকি গ্রাহকের মৃত্যুর পর তাঁর নমিনি একইভাবে টাকা পাবেন, যতদিন পর্যন্ত সব অর্থ হাতে না আসছে। এক্ষেত্রে শুধুমাত্র যে টাকা গ্রাহকের পিএফ অ্যাকাউন্টে জমা থাকবে, তার উপর সুদ ধার্য হবে। 

যে কোনো গ্রাহক এবার থেকে অ্যাকাউন্টের ৯০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন এক লপ্তে। মিনিমাম ব্যালেন্স হিসাবে ১০ শতাংশ রাখতে হবে দু’মাস পর্যন্ত। তারপর তা তুলে নেওয়া যাবে। এতদিন পর্যন্ত ৭৫ শতাংশ টাকা এক লপ্তে তুলে নেওয়া যাচ্ছিল। অন্যদিকে বাকি ২৫ শতাংশ অর্থ ১২ মাস অ্যাকাউন্টে রাখতেই হত। এবার ২৫ শতাংশ থেকে কমে করা হল ১০ শতাংশ। এবং ১২ মাস থেকে কমে ২ মাস।