তেহরান: আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী স্তব্ধ করে দিয়েছে ইরান। তারা জানিয়েছে, শত্রুপক্ষ বা তাদের কোনো সহযোগী দেশের জাহাজকে হরমুজ পার করতে দেওয়া হবে না। এরমধ্যে এবার সংকীর্ণ এই সমুদ্রপথ থেকে যুদ্ধের খরচ তোলার পরিকল্পনা তেহরানের? ইরানের পার্লামেন্টের সদস্য আলাউদ্দিন বোরোজেরদির এক মন্তব্য ঘিরে জোর জল্পনা ছড়িয়েছে। তিনি বলেছেন, হরমুজ পার করার জন্য বেশ কিছু জাহাজকে ২ মিলিয়ন ডলার টোল দিতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ কোটি ৮০ লক্ষ টাকা।
ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং নামে একটি সরকারি চ্যানেলে বোরোজেরদি বলেছেন, ‘হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ২ মিলিয়ন ডলার আদায় ইরানের কর্তৃত্বের পরিচয়। কারণ যুদ্ধ চালাতে খরচ রয়েছে। হরমুজ দিয়ে যাতায়াতের সময় জাহাজগুলি থেকে আমাদের টাকা আদায় করতেই হবে।’
যদিও নয়াদিল্লিতে ইরানের দূতাবাস এধরনের কোনও ফি নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এব্যাপারে তেহরান সরকারিভাবে কিছুই জানায়নি। টোল ধার্য করা নিয়ে যে মন্তব্য সামনে এসেছে তা একান্তই ব্যক্তিগত। একই বক্তব্য ইরান প্রশাসনেরও। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, হরমুজ প্রণালীতে যাতাযাতের উপরে কোনো ফি চাপানোর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।