Bartaman Logo
১০ জুন, ২০২৬

আধার-ভোটার মান্যতা পাবে? ইন্টেনসিভ রিভিউ উৎকণ্ঠায় আজ নজর সুপ্রিম কোর্টে, উত্তাল হবে সংসদও

একদিকে সুপ্রিম কোর্ট, অন্যদিকে সংসদ। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে এই জোড়া ফলায় আজ বিদ্ধ হতে চলেছে কেন্দ্র।

আধার-ভোটার মান্যতা পাবে? ইন্টেনসিভ রিভিউ উৎকণ্ঠায় আজ নজর সুপ্রিম কোর্টে, উত্তাল হবে সংসদও
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: একদিকে সুপ্রিম কোর্ট, অন্যদিকে সংসদ। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে এই জোড়া ফলায় আজ বিদ্ধ হতে চলেছে কেন্দ্র। এবং অবশ্যই নির্বাচন কমিশন। তাই গত এক মাসে বিহারে তারা ঠিক কী করেছে, সেই হিসেব রবিবার বিকেলেই তড়িঘড়ি দিয়ে রাখল কমিশন। কী জানিয়েছে তারা? ১) ৫৮ লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে বাদ যাবে। ২) এই তালিকার ২২ লক্ষের মৃত্যু হয়েছে। ৩৬ লক্ষ হয় পাকাপাকিভাবে অন্যত্র চলে গিয়েছেন, অথবা তাঁদের অস্বস্তিই নেই। এই অংশের কেউ কেউ নাকি ‘ভোটার’ থাকতে ইচ্ছুক নন বলেও দাবি করেছে কমিশন। ৩) ৭ লক্ষ ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়। তাঁদের একটি কেন্দ্রেই নাম থাকবে। বাকিগুলি কাটা যাবে। ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশের আগে এই ব্যাখ্যার থেকেও বড় প্রশ্ন অবশ্য বিরোধী বেঞ্চ এবং আদালতের দরবারে অপেক্ষা করছে। আর তা হল, ইন্টেনসিভ রিভিশনে আধার-ভোটার-রেশন কার্ডকে কি মান্যতা দেওয়া হবে? সোমবার নজর তাই সুপ্রিম কোর্টে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, মহুয়া মৈত্র, কে সি বেণুগোপাল সহ মোট ১১টি আবেদনের মূল প্রশ্ন একটাই—ভোটাধিকার। আধার, রেশন কার্ড, এমনকী নিজেদের ইস্যু করা ভোটার কার্ডকেও কেন কমিশন বৈধ নথি হিসেবে ধরবে না? সুপ্রিম কোর্টের সুপারিশ সত্ত্বেও কিন্তু নির্বাচন কমিশন এই দাবিকে ধর্তব্যে আনেনি। আজ যদি সুপ্রিম কোর্ট এই নথিগুলির মান্যতা নিয়ে কোনও নির্দেশ জারি করে, সেই অপেক্ষাতেই বিরোধী দল থেকে আম জনতা সবাই। 

Advertisement

এরই মধ্যে সংসদের বাদল অধিবেশন। বিরোধীরা যে এসআইআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে, সে বিষয়ে শাসক বা কমিশন কারও সংশয় নেই। পাশাপাশি ভোটার তালিকায় কারচুপির প্রমাণ হাতে আছে বলে রাহুল গান্ধীর হুমকি তো রয়েইছে। তাই কিছুটা চাপে পড়েই বিহারে এসআইআর নিয়ে কমিশনের অ্যাসিট্যান্ট ডিরেক্টর অপূর্বকুমার সিং জানিয়েছেন, প্রত্যেক বুথের খসড়া তালিকার (ডিজিটাল এবং প্রিন্টেড) কপি কংগ্রেস, আরজেডি সহ ১২টি রাজনৈতিক দলকে দেওয়া হবে। পাশাপাশি, আগামী ১ অক্টোবর যাঁরা ১৮ বছরে পড়বেন, তাঁদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ‘স্পেশাল ক্যাম্পেন’ করা হবে বলেও ঘোষণা করেছে কমিশন। এখানেই শেষ নয়, কোনও কারণে নাম বাদ গিয়ে থাকলে ১ সেপ্টেম্বর পর্যন্ত সেই ভোটার নাম তুলতে পারবেন তালিকায়।
যদিও কমিশনের এই উদ্যোগকে আদতে বিজেপির ষড়যন্ত্র বলেই তোপ দাগছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের আক্রমণ, ‘নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা অফিস। নিরপেক্ষ নয়। তবে ভোট করানোর মূল দায়িত্ব ছেড়ে কমিশন যদি ভোটাধিকারই কেড়ে নেবে ভাবে, তাহলে বিরোধীরাও চুপ থাকব না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ