ভোপাল: নির্বাচনি হলফনামায় ফৌজদারি মামলার সম্পূর্ণ তথ্য দেননি। এই অভিযোগে মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। মধ্যপ্রদেশ বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন, মীনাক্ষী তাঁর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখার পর রিটার্নিং অফিসার কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়েছে। বিজেপিই প্রথম এই বিষয়টি নিয়ে সরব হয়। গেরুয়া শিবির অভিযোগ করে, তেলেঙ্গানায় মীনাক্ষির বিরুদ্ধে ওই মামলা চলছে। মনোনয়নপত্রে সেটির উল্লেখ না করা তথ্য গোপন করার শামিল। যদিও কংগ্রেস পালটা দাবি করে, এই অভিযোগ ভিত্তিহীন। মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা উমঙ্গ সিংহর ও কংগ্রেসের অন্য নেতারা জানান, মীনাক্ষির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তেলেঙ্গানার আদালত শুধু নোটিস জারি করেছিল, মামলা দায়ের হয়নি। কংগ্রেস প্রার্থীর আইনজীবী সেই নোটিসের জবাবও দিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ফৌজদারি মামলা দায়ের হলেই, তা হলফনামায় উল্লেখ করতে হয়। যদিও, শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিলই হয়ে গেল।



