নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে খুন! তারপর প্রমাণ লোপাটের চেষ্টা। সুযোগ বুঝে বাড়ি ছেড়ে চম্পটও দিলেন অভিযুক্ত স্ত্রী। বুধবার এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়ায় বাগুইআটির জগৎপুর চড়কতলায়। রক্তাক্ত অবস্থায় স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিস জানিয়েছে, মৃতের নাম ভোলা হালদার (৩৫)। তিনি কলকাতা এয়ারপোর্টে কাজ করতেন। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ছিলেন। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পলাতক স্ত্রীই এই খুনে যুক্ত। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে তৃতীয় কোনও ব্যক্তির যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভোলা এবং অভিযুক্ত স্ত্রী দু’জনেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। বেশকিছুদিন যাবৎ সস্ত্রীক বাগুইআটি থানার অন্তর্গত জগৎপুর চড়কতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। তবে, নিজেদের ঝগড়া ও অশান্তির জন্য এদিন ওই বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। বাড়ি মালিক ও প্রতিবেশীদের কাছ থেকে পুলিস জানতে পেরেছে, প্রায়ই দু’জনের মধ্যে ঝগড়া হতো। তাঁদের গণ্ডগোল সকলেই শুনেছেন। এদিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক অশান্তি হয়। আশপাশের লোকজনও সেই চিৎকার শুনেছিলেন। বাড়ির নীচের তলায় তাঁরা থাকতেন। উপরতলায় থাকতেন বাড়ি মালিক।



