নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দুই যুবককে আটক করে পুলিশ। শুরু হয় জেরা। কাথার অসঙ্গতি দেখা দিতেই আরো জোরালো হয় পুলিশের সন্দেহ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের একজনের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪ কেজি ওজনের ৪০ টি সোনার বিস্কুট। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত টহল দেওয়ার সময় গতকাল রাতে লেকটাউন বি পার্ক এলাকায় দুই ব্যাক্তিকে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখা যায়। প্রাথমিক জেরায় দুই যুবকের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের তল্লাশি করা হয়। তারপরেই কোটি টাকার এই সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অপরজন ভিনরাজ্যের বাসিন্দা। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া সোনা পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে কোনও বৃহত্তর সোনা পাচারচক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া সোনার উৎস, এবং কোথায় তা পাচার করা হচ্ছিল সে সম্পর্কে তথ্য সংগ্রহে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। পাশাপাশি আজ ধৃতদের তোলা হবে বিধাননগর আদালতে।