নয়াদিল্লি: বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের ১৮ জনের দলে নাম রয়েছে তাঁর। কিন্তু প্রথম দুই রাউন্ডে খেলেননি শুভমান গিল। স্বাভাবিকভাবেই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। তা কতটা সেরেছে, সেই ব্যাপারে ধোঁয়াশাও ছিল। তবে বৃহস্পতিবার মোহালিতে পিসিএ স্টেডিয়ামে অনুশীলনে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, খুব তাড়াতাড়িই জয়পুরে পাঞ্জাব দলের সঙ্গে যোগ দেবেন গিল।
রোহিত শর্মা অবশ্য বিজয় হাজারে ট্রফিতে আর সম্ভবত খেলবেন না। মুম্বইয়ের হয়ে দু’টি ম্যাচে খেলার পর তিনি আপাতত ছুটির মেজাজে। সপরিবারে বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁকে। তবে বিরাট কোহলি খেলতে পারেন আরও একটি ম্যাচ। এই মুহূর্তে অবশ্য বেঙ্গালুরুতে দিল্লি শিবিরে তিনি নেই। তবে তাঁর খেলার সরঞ্জাম রয়েছে সেখানেই। ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে আলুরে খেলবে দিল্লি। জানা গিয়েছে, বিজয় হাজারে ট্রফিতে প্রতি ম্যাচ খেলার জন্য নিয়মমতো ৬০ হাজার টাকা করে পাচ্ছেন দুই মহাতারকা।
এদিকে, শুক্রবার যাঁর বলে আউট হয়েছিলেন বিরাট, গুজরাতের সেই বাঁ-হাতি স্পিনার বিশাল জয়সওয়াল ভাসছেন আনন্দের সাগরে। ম্যাচের পরে বিরাটের সঙ্গে দেখা করেন তিনি। যে বলে আউট করেছিলেন, তাতে সইও নেন বিরাটের। সেই বলের পাশাপাশি দু’জনের একসঙ্গে তোলা ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিশাল। সঙ্গে লেখেন, ‘কিংবদন্তি কোহলিকে বিশ্বক্রিকেটে শাসন করতে দেখেছি। তাঁকে আউট করার কথা কল্পনাও করিনি। সেটাই বাস্তবে পরিণত হয়েছে। এই মুহূর্তটা চিরদিন মনে রাখব। আর আজীবন গুছিয়ে রাখব কোহলিকে আউট করার এই বল।’