নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দু’দিন আগেই বাঁকুড়ায় ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগানে দেওয়াল ভরিয়ে সাড়া ফেলেছিল গেরুয়া শিবির। আগামী বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলেও দেওয়াল লিখনে দাবি করা হয়। কেন্দ্রে পূর্ণমন্ত্রী নেই কেন? এই প্রশ্ন তুলে লেখা ব্যানারে এবার বাঁকুড়া শহর ও সংলগ্ন এলাকা ছেয়ে ফেলল তৃণমূল। পূর্ণমন্ত্রীর পাশাপাশি পেট্রপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়েও ঘাসফুল শিবির বিজেপিকে কটাক্ষ করেছে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেল ও সোশ্যাল মিডিয়া শাখার নামে বাঁকুড়ায় টাঙানো ওইসব ব্যানার নিয়ে মঙ্গলবার দিনভর জেলার রাজনৈতিক মহলে চর্চা হয়।
তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী এদিন দিল্লি থেকে ফোনে বলেন, হিন্দুর প্রতি বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের অতই যদি দরদ, তাহলে পরপর দু’বার বাংলা থেকে এতজন সাংসদ নির্বাচিত হওয়ার পরেও কেন একজনও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন না? কেনই বা বিশ্ববাজারে অশোধিত তেলের দাম নিম্নমুখী হওয়া সত্ত্বেও হিন্দুদের ১০৫ টাকা লিটার দরে পেট্রল কিনতে হচ্ছে? অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও কেন আকাশছোঁয়া হচ্ছে? এইসব প্রশ্ন তুলেই বাঁকুড়া শহর ও সংলগ্ন এলাকায় ব্যানার টাঙানো হয়েছে। আসলে ভোটের আগে বিজেপি হিন্দুত্বের তাস খেলতে চাইছে। সেই কারণে ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান তুলছে। তবে ওদের কথায় হিন্দুরা আমল দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার উন্নয়ন করার সময় জাত-পাত বা ধর্ম দেখেন না। আমরাও ভোটে লড়াই করার সময় ধর্মনিরপেক্ষতার কথা বলি।
বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। রাজ্য সরকার মূল ধারার শিক্ষার তুলনায় মাদ্রাসার জন্য বেশি অর্থ বরাদ্দ করছে। তৃণমূল নেতানেত্রীরা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। সেই কারণে আমরা হিন্দুত্বের এজেন্ডা নিয়ে আসন্ন বিধানসভা ভোটের লড়াইয়ে নামতে চলেছি। এই লড়াইয়ে বাঙালি হিন্দুরা আমাদের পাশে রয়েছে। ফলে তৃণমূল কোথায় কী ব্যানার টাঙিয়েছে, তা আমরা গুরুত্ব দিচ্ছি না।
উল্লেখ্য, বাঁকুড়ায় প্রায় ৯৫ শতাংশ হিন্দু ভোটার রয়েছে। ফলে ওই ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে বিজেপি কট্টর হিন্দুত্বের লাইনে আসন্ন বিধানসভা ভোটের প্রচারে নামতে চাইছে। এক বছর আগে থেকেই বিজেপি নেতাকর্মীরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন। তবে এখন পদ্ম প্রতীকের পাশে শুধুই হিন্দুত্বের স্লোগান লেখা হচ্ছে। বিজেপি আগামী বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বলে গেরুয়া শিবিরের তরফে জেলাজুড়ে প্রচার শুরু হয়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দলের বাঁকুড়া সাংগঠনিক জেলায় রদবদল হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে বিজেপি করে আসা লোকজনের তুলনায় সঙ্ঘ ঘনিষ্টরা বেশি গুরুত্ব পেয়েছেন। ফলে সঙ্ঘের লাইনেই তাঁরা জেলা বিজেপিকে পরিচালিত করতে চাইছেন। সেই কারণেই ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগানকে হাতিয়ার করে ভোটের আগে বিজেপি নেতারা হালে পানি পেতে চাইছেন। তবে একতরফা প্রচার করে যাতে গেরুয়া শিবির ফায়দা তুলতে না পারে, তারজন্য তৃণমূলও তলে তলে ঘুঁটি সাজাচ্ছে। এদিন ব্যানারে বাঁকুড়া ছেয়ে দিয়ে ঘাসফুল শিবির তা বুঝিয়ে দিয়েছে।