


ওটাওয়া, ৮ আগস্ট: কানাডার সুরেতে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কাফে লক্ষ্য করে গুলি চালানোর কারণ জানা গিয়েছে। গত ১০ জুলাইয়ের পর ফের কেন কপিলের কাফেতে এই হামলা হল সেই সংক্রান্ত বিষয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে(যার সত্যতা যাচাই করেনি বর্তমান)। সেই অডিও ক্লিপটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতী হ্যারি বক্সারের বলে জানা গিয়েছে। যাতে তিনি বলেছেন, ‘পরপর দু’বার কপিলের কাফেতে গুলি চালানো হল। কারণ ও নিজের কমেডি শোতে সলমন খানকে আমন্ত্রণ জানিয়ে ছিল। নিজের শোয়ের নতুন সিজনের উদ্বোধন করেছিল সলমনকে দিয়েই।’
হ্যারি বক্সার হুমকির সুরেই বলেছেন, যে প্রযোজক, পরিচালক কিংবা অভিনেতা-অভিনেত্রীরা সলমনের সঙ্গে কাজ করবেন, তাঁদের বুকে গুলি করা হবে। এর ফলে সকলের অনুমান কপিল নয়, সলমনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতার জন্যই সুরের কাফেতে হামলা হয়েছে। গত ২১ জুন থেকে নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সিজন ৩ শুরু হয়েছে। এই নতুন সিজনের উদ্বোধন করেন সলমন খান। সেই কারণেই কপিল এসে গিয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে। গত, বৃহস্পতিবার কপিলের ক্যাপস কাফের বাইরে অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে সেই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করে গোল্ডি ধিলোঁ ও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। ভাইরাল হওয়া ভিডিওতে গুলির শব্দের পাশাপাশি স্পষ্ট শোনা যাচ্ছিল দুষ্কৃতীদের গলা, ‘ওকে কল করেছিলাম। ফোন ধরেনি। তাই এবার অ্যাকশন নিচ্ছি। এরপরেও যদি ফোন না ধরে, তাহলে পরের অ্যাকশন হবে মুম্বইতে।’
ভিডিওতে কপিল শর্মার নাম উল্লেখ করা হয়নি ঠিকই। তবে হুমকি যে জনপ্রিয় কমেডিয়ানকে লক্ষ্য করেই, সেই বিষয়ে কোনও সংশয় নেই। গত জুলাই মাসে কানাডায় ক্যাপস কাফে চালু করেন কপিল। তার ছ’দিনের মাথায়, গত ১০ জুলাই প্রথম গুলি চলে কাফের বাইরে। সেবার ১০ রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সেই সময় হামলার দায় স্বীকার করেছিল খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি।