চেন্নাই: বেনজির বাদানুবাদে জড়ালেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এবং মাদুরাইয়ের সিপিএম সাংসদ সু ভেঙ্কটেশন। তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারের বই কেনায় অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি কিছু মন্তব্য করেছিলেন বিচারপতি। তা নিয়ে পালটা সমালোচনা করেন ভেঙ্কটেশন। বই কেনায় জালিয়াতি নিয়ে আদালত অবমাননার মামলা হয়। সোমবার ছিল তার শুনানি। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি স্বামীনাথন সিপিএম সাংসদের প্রসঙ্গে মন্তব্য করেন, ওঁকে মার্সিডিজ-বেঞ্জ গাড়িতে রেল স্টেশনে আসতে দেখে প্রথমে কোনো কর্পোরেট কর্তা মনে হয়েছিল। পরে তিনি জানতে পারেন ভেঙ্কটেশন একজন কমিউনিস্ট নেতা। তিনি ব্র্যান্ডেড পোশাক ও জুতোও পরেছিলেন। এরপর ভেঙ্কটেশন ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় চাপেন। বিচারপতি জানান, তিনি সাধারণত স্লিপার ক্লাসেই যাতায়াত করেন। তবে, বিষয়টি সেখানেই থামেনি। মঙ্গলবার এক্স হ্যান্ডলে ফের বিচারপতির মন্তব্যের জবাব দিয়েছেন ভেঙ্কটেশন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, তাঁর কোনো নিজের গাড়ি নেই। যে মার্সিডিজ গাড়ির কথা বলা হচ্ছে, সেটি তাঁর নয়। ট্রেনের ফার্স্ট ক্লাসে ভ্রমণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, সাংসদ হিসাবেই তিনি ওই সুবিধা পান। কেউ ফার্স্ট ক্লাসে চড়লেই তাঁর দর্শন বদলে যায় না, আর কেউ স্লিপার কোচে চাপলেই তাঁর সব কথা ঠিক হয়ে যায় না!
গ্রন্থাগার দুর্নীতি নিয়ে সম্প্রতি একটি বইপ্রকাশ অনুষ্ঠানে বিচারপতি স্বামীনাথন হালকা চালে জানান, বিতর্কিত বইগুলি সরিয়ে ফেলার পর গ্রন্থাগারের যে তাকগুলি খালি হয়েছে সেখানে কাঞ্চির শঙ্করাচার্য সংক্রান্ত আধ্যাত্মিক বইগুলি রাখা যেতে পারে। একে ‘অপকর্মের প্রায়শ্চিত্ত’ হিসাবে বর্ণনা করেছিলেন। রবিবার তার জবাবে ভেঙ্কটেশন বলেন, ‘গ্রন্থাগারের বই সংগ্রহে যে জালিয়াতি হয়েছে, তা একটি দুর্নীতি এবং আইনের আওতায় এর শাস্তি হওয়া উচিত। দুর্নীতির জন্য শাস্তি নির্ধারণ করাই বিচারপতির দায়িত্ব আর পাপের জন্য প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হল জ্যোতিষীদের কাজ।’



