ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজ শুরু করছেন কারা? কোন অভিনেত্রীদের উপর থাকবে নজর?
ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজ শুরু করছেন কারা? কোন অভিনেত্রীদের উপর থাকবে নজর?
• নতুন বছর মানে নতুন অধ্যায়ের শুরু। সারা বছরের কাজের পরিকল্পনা। গোটা বছরের বাংলা ছবির গতি প্রকৃতি সম্পর্কেও বেশ কিছুটা আঁচ করা যায় বছরের গোড়াতেই। ২০২৬ সালে নজর থাকবে বেশ কয়েকজন অভিনেত্রীর উপর। ছোটপর্দা থেকে তাঁদের উত্থান। এই বছরে ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজেদের নতুন ভাবে মেলে ধরবেন তাঁরা। বাংলা ধারাবাহিকের মাধ্যমে বহুল পরিচিতি তাঁদের।
তালিকায় প্রথমেই রয়েছেন ইধিকা পাল। ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার পর বড়পর্দাতেও একের পর এক হিট তাঁর ঝুলিতে। এপার বাংলা এবং ওপার বাংলার দুই মেগাস্টারের সঙ্গে তাঁর ডেবিউ। বাংলাদেশের শাকিব খানের বিপরীতে তিনি ‘প্রিয়তমা’। এপার বাংলায় দেবের বিপরীতে ‘কিশোরী’ হয়ে বড়পর্দায় খাতা খুলেছেন। সম্প্রতি ‘প্রজাপতি ২’-এও ইধিকার দেখা মিলেছে। ২০২৬-এর বেশ কয়েকটি মেগা প্রজেক্টে দেখা যাবে তাঁকে। তার মধ্যে বাংলাদেশের কাজও রয়েছে।
অঙ্কিতা মল্লিকের জার্নিটা টেলিভিশন থেকে একেবারে সোজা বড়পর্দায়। দিন কয়েক আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। সেই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বহুল জনপ্রিয়তা পেয়েছেন অঙ্কিতা। এবার তিনি বড়পর্দায় মহুয়া রায়চৌধুরীর ভূমিকায়। এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’তে দেখা যাবে অঙ্কিতাকে। অঙ্কিতার কেরিয়ারে নিঃসন্দেহে একটি মাইলফলক হতে চলেছে এই ছবি। অঙ্কিতাকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। সকলের আশা, বড়পর্দাতেও দারুণ পারফর্ম করবেন অঙ্কিতা।
সদ্য শেষ হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’। সেখানে নাম ভূমিকায় দেখা গিয়েছে দিব্যাণী মণ্ডলকে। দিব্যাণীরও ২০২৬ সালেই প্রথম বড়পর্দায় ব্রেক। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করবেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’ উপন্যাস প্রকাশের শতবর্ষ উদযাপন উপলক্ষে সৃজিতের শ্রদ্ধার্ঘ্য ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। এই ছবিতেই অভিনয় করবেন দিব্যাণী। ধারাবাহিক শেষের পর কিছুদিন ছুটি কাটিয়েছেন ছোটপর্দার সদ্য প্রাক্তন ‘ফুলকি’। আগামী ছবির জন্য এই মুহূর্তে পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন দিব্যাণী।
শুধু ইধিকা, অঙ্কিতা বা দিব্যাণী নয়, ছোটপর্দা থেকে অভিন়য়ের যাত্রা শুরু করে আরাত্রিকা মাইতি, জ্যোতির্ময়ী কুণ্ডুও বড়পর্দায় স্পটলাইট কেড়েছেন। নতুন বছরে বিভিন্ন মাধ্যমে তাঁদের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে।
পূর্বাশা দাস