নয়াদিল্লি: সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ (জিটিএ-৬)। ১৩ বছর অপেক্ষার পর ভাইস সিটিতে ফিরেছেন জিটিএ সিরিজের অনুরাগীরা। গেমটির নতুন ভার্সনে একাধিক চমক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ১৯৮২ সালের একটি বাংলা গান। জিটিএর কাল্পনিক দেশ লিওনিডায় এবার গাড়ির মধ্যে থাকা রেডিয়োতে শোনা যাচ্ছে কলকাতার শিল্পী রূপা বিশ্বাসের গাওয়া ‘আজ শনিবার’ গানটি। তা নিয়েই শুক্রবার দিনভর সরগরম সোশ্যাল মিডিয়া।
জানা গিয়েছে, নতুন গেমটির অন্যতম আকর্ষণ এই ইন-গেম রেডিয়ো। একাধিক চ্যানেল শোনা যায় তাতে। তালিকায় রয়েছে ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ নামে একটি বিশেষ চ্যানেল। এখানে কান্ট্রি সং, হিপ-হপ, জ্যাজ থেকে শুরু করে ইলেকট্রনিক মিউজিক সহ বিভিন্ন ঘরানার গানের বিপুল সম্ভার রয়েছে। সেই ভিড়েই জায়গা করে নিয়েছে বাংলা গান ‘আজ শনিবার’। ১৯৮২ সালে রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামে গানটি প্রকাশিত হয়েছিল। ডিস্কো ঘরানার এই গানে পাশ্চাত্য ছন্দের সঙ্গে মিশেছে ভারতীয় প্রভাব। অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছিলেন আশিস খান। পুরানো ভারতীয় ডিস্কো সংগীতের সংগ্রাহক ও অনুরাগীদের কাছে ‘আজ শনিবার’ পরিচিত হলেও জিটিএ ৬-এর মাধ্যমে গানটি নতুন করে আন্তর্জাতিক শ্রোতাদের সামনে এসেছে। গেমাররা
খেলার সময় বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি একের পর এক রেডিয়ো স্টেশন বদলাচ্ছেন। আর তাতেই নতুন করে আবিষ্কৃত হচ্ছে চার দশকেরও বেশি পুরানো এই বাংলা গান।



