প্রথমবার টেলিভিশন ধারাবাহিকে অভিনেত্রী কোয়েল মল্লিক
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্যস্ততাহীন জীবন, হাতে লেখা চিঠি, টেলিফোন আর চুটিয়ে আড্ডা— স্মৃতিমেদুর নয়ের দশকে আবার ফিরতে কার না ইচ্ছে করে? ব্যতিক্রমী নন অভিনেত্রী কোয়েল মল্লিকও। তিনি অবশ্য সম্প্রতি রিভিজিট করলেন নাইনটিজ। না, টাইম মেশিনে নয়। শ্যুটিংয়ে। প্রথমবার ধারাবাহিকে কাজ করলেন নায়িকা। সৌজন্যে সোনি আটের প্রথম বাংলা ধারাবাহিক ‘ডিয়ার নাইনটিজ’। ধারাবাহিকে অপরাজিতার ভূমিকায় রয়েছেন তিনি। লেখিকা অপরাজিতার শৈশব, প্রেম আর স্কুল জীবনের গল্প নিয়েই আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক। বড়োপর্দার এত জনপ্রিয়তা ছেড়ে ছোটোপর্দায় রাজি হলেন কেন? কোয়েল বললেন, ‘এটা সোনি আটের প্রথম ফিকশন। আর সমস্ত মানুষ বা টিমের কাছে যে কোনো প্রথমই স্পেশাল। এই ধারাবাহিকের মাধ্যমে ওই সময়টা ফিরে দেখতে পেরেছি, সেটাই আসল কারণ।’ 

Advertisement

নয়ের দশকে বড়ো হয়েছেন কোয়েল। সেই সময়টা কেমন কাটত তাঁর? নায়িকা হেসে বলেন, ‘অনেক কিছু করতাম তখন। এত টেকনোলজি তো ছিল না। হাতে লেখা চিঠি, ল্যান্ড লাইন ফোনের জীবনটা সত্যিই খুব মিস করি। দুপুরবেলা মা ঘুম পাড়াত চাইত। আমরা অপেক্ষা করতাম, কখন কানামাছি খেলব। তেঁতুলের আচার খাওয়ার জন্য বারবার ছাদে যেতাম। এগুলির মধ্যে একটা আলাদা মজা রয়েছে (হাসি)।’ কিছু কি মিস করেন? ‘রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া আর ফাউ চাওয়া।’ 
ছোটোপর্দা আর বড়োপর্দার মধ্যে কী কী ফারাক দেখতে পেলেন কোয়েল? ‘অভিয়ের ক্ষেত্রে কোনো ফারাক তো পেলাম না। ছবিতে কাজ করলে মানুষ বড়োপর্দায় সেটা দেখতে যান। আর ছোটোপর্দার অভিনেতা-অভিনেত্রীরা খুব সহজে দর্শকের মনের কাছাকাছি পৌঁছে যান। এটা টেলিভিশনের একটা ভালো গুণ বলে মনে হয়।’ দেবও বর্তমানে টেলিভিশনে কাজ করছেন। এটা কি সাম্প্রতিক ট্রেন্ড? ‘ট্রেন্ড কি না বলতে পারব না। কিন্তু আমার মনে হয় টেলিভিশন এমন একটি মাধ্যম যেটা দর্শককে একাকিত্বে সঙ্গ দেয়। দেব যদিও নন ফিকশন করছে। তবে আমার ধারণা, টেলিভিশনে কাজ করতে সকলেই চায়।’ ছেলে-মেয়ে কি আপনার কাজ দেখছে? কোয়েল জানালেন, ‘কাব্য তো খুবই ছোটো। কিন্তু কবীর এখন বুঝতে শিখেছে। আমি যখনই শ্যুটিংয়ে যাই ও ভাবে দুর্গা সাজতে যাচ্ছি। (হাসি) কিন্তু আমার কাজ দেখতে ও ভালোবাসে।’
আরাত্রিকা চক্রবর্তী