আবার মাঠে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ব্যাট হাতে নয়, প্রশ্নের ঝুলি নিয়ে। খুব শীঘ্রই স্টার জলসায় শুরু হচ্ছে নতুন গেম শো ‘খেলো বাংলা’। উইকএন্ড স্পেশাল এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন তিনি। অর্থাৎ ছোটোপর্দার সঞ্চালক সৌরভের নতুন ইনিংস। সম্প্রতি জোকা সংলগ্ন এক স্টুডিয়োয় অনুষ্ঠানের প্রোমো শ্যুটের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সৌরভ। ‘বিগ বস’-এ তাঁর সঞ্চালনা দেখার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন, ‘খেলো বাংলা’য় কি একই মেজাজে দেখা যাবে তাঁকে? হাসতে হাসতে সৌরভের জবাব, ‘এটা একটা কুইজ শো। প্রতি পর্বে ২০ জন প্রতিযোগী অংশ নেবেন। বিভিন্ন পেশার সাধারণ মানুষের পাশাপাশি থাকবেন পরিচিত মুখেরাও। প্রতিযোগীদের পাশাপাশি দর্শকেরও প্রশ্ন করার সুযোগ থাকবে। থাকবে বড়ো অঙ্কের পুরস্কারমূল্যও।’ তবে শোয়ের বিশেষত্ব বা নিজের সঞ্চালনার ধরন নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মহারাজ। প্রতিযোগিতার মঞ্চে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে হয়? তাঁর স্পষ্ট জবাব, ‘আমি কারও সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বাস করি না।’
প্রিয়ব্রত দত্ত



