Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের বাড়িতে কোথায় বিচ্যুতি! পুরসভাকে সাতদিনে নথি পেশের নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভাকে সাতদিনের মধ্যে তথ্য পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিস্তারিত পড়ুন।

অভিষেকের বাড়িতে কোথায় বিচ্যুতি! পুরসভাকে সাতদিনে নথি পেশের নির্দেশ
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগেই নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। মোট সম্পত্তির কোথায় কোথায় বিচ্যুতি, সাতদিনের মধ্যে কলকাতা পুরসভাকে তা জানানোর নির্দেশ দিল হাইকোর্ট। 

Advertisement

অভিষেকের বাড়ি এবং তাঁর সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তির অবৈধ অংশ কোথায়, তা নথি দিয়ে সাতদিনের মধ্যে জানাতে হবে পুরসভাকে। বুধবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি স্মিতা দাস দে’র সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি বিচারপতির নির্দেশ, বাড়িটিতে অবৈধ অংশ আছে কি না, থাকলেও কতটা, তা জেনে দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সম্পত্তির মালিকদের। চারসপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।
২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ ভাবে নির্মিত। এই দাবি করে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নোটিস খারিজের আরজি জানিয়ে এই মামলা। তাঁদের বক্তব্য, বৈধভাবে নির্মিত বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে নোটিস দিয়েছে পুরসভা। সেই মামলার শুনানিতে এবার পুরসভাকে বিচ্যুতি সংক্রান্ত যাবতীয় তথ্য পেশের নির্দেশ দিল হাইকোর্ট। 
পুরসভার তরফে জানা গিয়েছে, হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে। ৪০১ ধারায় নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ জমা দিতে বলা হয়েছে।  সব মিলিয়ে মোট ১৭টি সম্পত্তিতে নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে অভিষেকের আত্মীয়দের নামে থাকা কিছু সম্পত্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও অভিষেক বলেছিলেন, ‘বাড়ির কোন অংশ অবৈধ, সেটা নির্দিষ্ট করে বলা হোক, তার পর উত্তর দেব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ