Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অতীতে এটিএম লুটের পর কোথায় গা ঢাকা দেয় নুহ গ্যাং? খোঁজ নিচ্ছে পুলিস

হরিয়ানার নুহ গ্যাং আগে যেসব জায়গায় এটিএম লুট করেছিল সেসব ঘটনার তদন্ত করে দেখছে পুলিস। ওই সকল ঘটনা ঘটানোর পর কোথায় কোথায় টিমের লোকেরা ডেরা বেঁধেছিল সেসবও খুঁজে দেখছেন তদন্তকারী অফিসাররা।

অতীতে এটিএম লুটের পর কোথায় গা ঢাকা দেয় নুহ গ্যাং? খোঁজ নিচ্ছে পুলিস
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: হরিয়ানার নুহ গ্যাং আগে যেসব জায়গায় এটিএম লুট করেছিল সেসব ঘটনার তদন্ত করে দেখছে পুলিস। ওই সকল ঘটনা ঘটানোর পর কোথায় কোথায় টিমের লোকেরা ডেরা বেঁধেছিল সেসবও খুঁজে দেখছেন তদন্তকারী অফিসাররা। পুলিসের অনুমান এটিএম লুট করার পর আগের ডেরাগুলিতে লুকিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা। তাই বিভিন্ন রাজ্যের পুলিসের সাহায্য নিয়ে তল্লাশি অভিযানে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বিশেষ টিম। ইতিমধ্যেই একাধিক রাজ্যের পুলিসের সঙ্গে কথা বলে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে। যেকোনও মূল্যে ওই দুষ্কৃতীদের নাগাল পেতে মরিয়া তদন্তকারী অফিসাররা। যদিও ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। উদ্ধার হয়নি টাকাও। 

Advertisement

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, এখনও দুষ্কৃতী দল ধরা পড়েনি। তবে এধরনের অপরাধের পর দুষ্কৃতীরা কী কী করে থাকতে পারে তার তথ্য সংগ্রহ করে আমরা এগচ্ছি। একাধিক জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে শিলিগুড়ির চম্পাসারির জ্যোতিনগর কলোনিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জোড়া এটিএম ভেঙে ১০ লক্ষ ৪৯ হাজার টাকা নিয়ে পালায় চার দুষ্কৃতী। তার পাঁচ দিন আগে ময়নাগুড়িতেও একটি ঘটনায় ৫৪ লক্ষ টাকা লুট করে পালায় পাঁচ দুষ্কৃতী। যদিও ওই দুষ্কৃতী দলের চার জনকে গ্রেপ্তার করেছে পুলিস। একজন এখনও অধরা। ধৃতদের জেরা করে পুলিস জেনেছে, তারা হরিয়ানার নুহ এলাকার বাসিন্দা। ওই এলাকায় কুখ্যাত বেশকিছু দুষ্কৃতী থাকে। যারা মাঝেমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে এটিএম লুট করে। স্বাভাবিকভাবেই শিলিগুড়ির এটিএম লুট কাণ্ডের পর ওই নুহ গ্যাংয়ের প্রতি বাড়তি নজর রাখছে পুলিস। 
পুলিসেরই একটি সূত্রে জানা গিয়েছে, হরিয়ানা, দিল্লি, কেরল, তামিলনাড়ু সহ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, ময়নাগুড়িতেও এমন ঘটনা ঘটিয়েছে ওই এলাকার দুষ্কৃতী দল। ঘটনা ঘটানোর পর একাধিক এলাকাতে বারবার জায়গা বদল করে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকে এরা। পরে পুলিসি নজরদারি হালকা হতেই নতুন অপারেশনের পরিকল্পনা করে। এক্ষেত্রে ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখছে পুলিস। বিভিন্ন টোলপ্লাজায় গাড়ি পার হওয়ার সময়ে কারও মুখ সিসি ক্যামেরাতে ধরা পড়েছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি যে সাদা গাড়িতে করে দুষ্কৃতীরা পালিয়েছিল সেটির সন্ধান করছে পুলিসের বিশেষ 
তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ