রবীন রায়, আলিপুরদুয়ার: মনোজ টিগ্গার পর মাদারিহাটে বিজেপিতে আর নতুন মুখ উঠে আসেনি। বিজেপি কর্মীদের কথায়, দলে মুখ তৈরি করতে হয়। কিন্তু সেই মুখ তৈরিতে বাধা দেওয়া হয়েছে পদে পদে। এনিয়ে বিজেপির দলীয় কর্মীদের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও শোনা যাচ্ছে এর পিছনে মনোজ টিগ্গার অনুগামীদেরই হাত রয়েছে। ফলে নতুন মুখের শূন্যতার কারণে মাদারিহাটে বিধানসভা ভোটে এবার প্রার্থী বাছাইয়ে হিমশিম খাওয়ার জোগাড় বিজেপির। যারজন্য দলের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক মঙ্গল পান্ডের হাতে মাদারিহাটের প্রার্থী নিয়ে কোনো রিপোর্ট জমা পড়েনি। যদিও দলীয় নেতৃত্ব প্রকাশ্যে এনিয়ে মুখ খুলতে নারাজ।
ঠিক এই ডামাডোলের আবহে এবার মাদারিহাটে বিজেপির প্রার্থী হিসাবে মনোজ টিগ্গার স্ত্রী পমি টিগ্গার নাম ভেসে উঠছে। যদিও তাতে দলের সায় নেই।
যাঁকে নিয়ে এই বিতর্ক সেই এমপি মনোজ টিগ্গা অবশ্য বলেন, আমি এনিয়ে কোনো মন্তব্য করব না। এসব স্রেফ গুজব। গুজবের কোনো উত্তর হয় না। প্রার্থী কে হবে, দলই তা ঠিক করবে। আমার স্ত্রী কোনোভাবেই প্রার্থী হচ্ছেন না।
দলীয় মুখের শূন্যতা নিয়েও এমপি মনোজবাবু কোনো মন্তব্য করতে চাননি। তবে মাদারিহাটে দলে নতুন মুখ উঠে না আসাতে প্রার্থী বাছাইয়ের কাজে দলের যে ল্যাজেগোবরে অবস্থা হয়েছে একথা বিজেপির লোকজনই স্বীকার করছেন। তারজন্যই মাদারিহাটে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কোনো রিপোর্ট এখনো জমা পড়েনি দলীয় পর্যবেক্ষকের হাতে।
২০২৪ সালের নভেম্বরে মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে বিজেপির রাহুল লোহার তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টোপ্পোর কাছে ২৮ হাজারেরও বেশি ভোটে হেরে যান। এবার প্রার্থী বাছাইয়ের তালিকা থেকে সেই রাহুল লোহারের নাম বাদ পড়ছে। এমপি মনোজ টিগ্গা নিজেই সেই কথা সরাসরি জানিয়ে দিয়েছেন। তাহলে নতুন মুখের অভাবে মাদারিহাটে বিজেপির প্রার্থী হিসাবে কাদের নাম উঠে আসছে, তা নিয়েই এখন এলাকার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
দলের জেলা সাধারণ সম্পাদক মিঠুন ওরাওঁ অবশ্য বলেন, কে বলে দলে মুখ নেই? প্রচুর অভিজ্ঞ মুখ রয়েছে। দল যাঁকেই প্রার্থী করুক আমাদের সবাইকে সেটা মানতে হবে। তবে আলিপুরদুয়ার, কুমারগ্রাম ও কালচিনি ছাড়া প্রার্থী নিয়ে মাদারিহাট ও ফালাকাটার কোনো রিপোর্ট এখনও জমা পড়েনি পর্যবেক্ষকের হাতে। বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডব্লুউয়ের নেতা নারায়ণ খোঁড়া বলেন, দল সময় মতোই মাদারিহাটে প্রার্থীর নাম জানিয়ে দেবে।
২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে পর পর দু’বার মাদারিহাটে জিতেছিলেন মনোজ টিগ্গা। কিন্তু দলের নির্দেশে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে পরে লোকসভা ভোটে জিতে তিনি এমপি হন। কিন্তু হতাশ বিজেপি কর্মীদের কথায়, মাদারিহাটে মনোজবাবুর পর দলে নতুন মুখ উঠে না আসায় বিধানসভা ভোটে প্রার্থী বাছাইয়ে দলকে চূড়ান্ত হিমশিম
খেতে হচ্ছে।