সংবাদদাতা, শিলিগুড়ি: ক্রমশ বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যানেও উঠে আসছে উদ্বেগজনক ছবি। অথচ, উত্তরবঙ্গে সরকারি হাসপাতালে ক্যানসারের পূর্ণাঙ্গ ও উন্নত চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় বিপাকে পড়ছেন গরিব ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। চিকিৎসার খরচ সামলাতে গিয়ে বহু পরিবারকে আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য অনেককেই পাড়ি দিতে হচ্ছে ভিনরাজ্যে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নির্মীয়মাণ ক্যানসার হাব কবে চালু হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গের অসংখ্য মানুষ।
সরকারি স্বাস্থ্যবিমার আওতায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ থাকলেও, দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই অর্থ যথেষ্ট হচ্ছে না বলে অভিযোগ রোগীর পরিবারের। ফলে চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে অনেক পরিবারকেই কার্যত সর্বস্বান্ত হতে হচ্ছে। যদিও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নির্মীয়মাণ ক্যানসার হাবের কাজ প্রায় শেষের পথে। হাসপাতালের সুপার ডাঃ কৌশিক ঈশোর বলেন, ক্যানসার হাবের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার জন্য বিদেশ থেকে বেশকিছু উন্নত চিকিৎসা সরঞ্জাম আনার ব্যবস্থা করা হয়েছে। সেগুলি কিছুদিনের মধ্যেই এসে পৌঁছবে। ২০০ শয্যার এই ক্যানসার হাবে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। এর ফলে উত্তরবঙ্গের গরিব মানুষও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি চিকিৎসক মহলের একাংশের বক্তব্যে উঠে আসছে বাস্তবের অন্য ছবি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অঙ্কোলজি বিভাগের এক চিকিৎসকের কথায়, শুধু চিকিৎসক নিয়োগ কিংবা যন্ত্রপাতি এলেই পূর্ণাঙ্গ ক্যানসার হাব চালু করা সম্ভব নয়। এর জন্য আলাদা প্রশাসনিক বিভাগ তৈরি করতে হবে। চিকিৎসক ছাড়াও নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সহ বিভিন্ন স্তরে পর্যাপ্ত কর্মী নিয়োগ জরুরি। গোটা পরিকাঠামো তৈরি করতেই আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে।
ওই চিকিৎসক জানান, ক্যানসার হাসপাতালের ক্ষেত্রে টাটা গোষ্ঠীর সহযোগিতা রয়েছে। তারা লজিস্টিক সহায়তা দিচ্ছে। তবে সেই সহযোগিতার পাশাপাশি নিজস্ব প্রশাসনিক ও মানবসম্পদ পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। ফলে এখনই এই হাসপাতাল থেকে উত্তরবঙ্গের সমস্ত ক্যানসার রোগী বিনামূল্যে পূর্ণাঙ্গ ও অত্যাধুনিক চিকিৎসা পাবেন, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে ১১০০-রও বেশি ক্যানসার আক্রান্ত রোগী চিকিৎসার জন্য আসছেন। প্রায় ৫০০ রোগীকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রায় ৪০ জন রোগীকে রেডিয়েশন পরিষেবা দেওয়া হয়।
ক্যানসারের ধরন নিয়েও উদ্বেগ রয়েছে চিকিৎসকদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ সম্রাট দত্ত বলেন, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অর্থাৎ পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ক্যানসার আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।



