ভোটে হেরে হাসপাতালে কাজে ‌ফেরায় বিতর্ক, ডেপুটেশন দিলেন ৪৭ ডাক্তার
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ডাঃ সৌগত বর্মন ফের কল্যাণীর জেএনএম হাসপাতালে কাজে যোগ দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তিনি কাজে যোগ দেওয়ায় প্রতিবাদ জানিয়ে কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ৪৭ জন ডাক্তার গত সোমবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিয়েছেন। অভিযোগ, পদত্যাগ না করে এবং পূর্ণ বেতন ও অর্জিত ছুটিকে ব্যবহার করে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডাঃ সৌগত বর্মন। প্রায় ৫০ হাজার ভোটে পরাজিত হন তিনি। ভোট গণনার পর গত ৫ মে তিনি ফের হাসপাতালে কাজে যোগ দেন। তাঁর এই যোগদানকে বেআইনি দাবি করে বিষয়টি স্থগিত রাখার আবেদন জানায় চিকিৎসকদের একাংশ। প্রয়োজনে এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রকেও অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।  ওই মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মৃগাঙ্কমৌলি সাহা বলেন, ‘তিনি নির্বাচনে পরাজিত হওয়ার পর বেআইনিভাবে কাজে যোগ দিয়েছেন। তার প্রতিবাদে আমরা ৪৭ জন ডাক্তার ডেপুটেশন দিয়েছি। প্রয়োজনে আমরা স্বাস্থ্য মন্ত্রকে যাব।’ যদিও সৌগতবাবু বলেন, ‘এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।’

Advertisement