দেশের অর্ধেক মহিলাই রক্তাল্পতার শিকার, শীর্ষে পশ্চিমবঙ্গ-গুজরাত
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে ৪৬.৩ শতাংশ কিশোরীই অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার শিকার। প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে এই হার ৫৫.৯ শতাংশ। অন্তঃসত্ত্বাদের ৪৩.৬ শতাংশও রক্তাপ্লতার রোগে আক্রান্ত। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের সহায়তায় এমনই উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। রাজ্যওয়াড়ি তালিকায় শীর্ষস্থানে আন্দামান নিকোবর। কার্যত তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ ও গুজরাত। আইসিএমআরের এই রিপোর্ট সামনে আসতেই মোদি সরকারের সমালোচনায় সরব হল কংগ্রেস। দলের মুখ্য মুখপাত্র জয়রাম রমেশ কটাক্ষের সঙ্গে বলেছেন, ‘এই রিপোর্টে তো মোদি-শাহর রাজ্য গুজরাতের হাল খারাপ। আর সেই রিপোর্ট কেন্দ্র প্রকাশ করার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (জে পি নাড্ডা) কি নিজের কুরসি বাঁচাতে পারবেন?’ 

Advertisement

সম্পদা (সার্ভে ফর অ্যাসেসমেন্ট অব মার্কারস অব পপুলেশন হেলথ অ্যাক্টিভিটি ডায়েট অ্যান্ড অ্যান্থোপ্রোমিট্রি) নামে ওই রিপোর্টে প্রকাশ, ভারতে গড়ে ৫-৯ বছর বয়সি শিশুদের ৩১.৩ শতাংশ রক্তাপ্লতার শিকার। ১০-১৯ বছর বয়সি মেয়েদের মধ্যে গ্রামাঞ্চলে অ্যানিমিয়ার হার ৪৬.২ শতাংশ। শহরে ৪৬.৬ শতাংশ। গ্রামাঞ্চলে ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের ৫৬.৩ শতাংশই রক্তাপ্লতায় ভোগেন। ২০-৫৯ বছর বয়সি পুরুষদেরও ২২ শতাংশ এই রোগের শিকার। রাজ্যওয়াড়ি রিপোর্ট বলছে, গুজরাতে কিশোরীদের ৬১.৪ শতাংশ এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ৬৩.৮ শতাংশই রক্তাপ্লতায় ভোগেন। পশ্চিমবঙ্গে এই হার যথাক্রমে ৬০.৪ শতাংশ (কিশোরী) এবং ৭০.৭ শতাংশ (প্রাপ্তবয়স্ক মহিলা)। গোটা দেশের মধ্যে অ্যানিমিয়ায় ভোগা কিশোরীর হার সবচেয়ে বেশি আন্দামান নিকোবর (৭০.৩ শতাংশ)। সেখানে প্রাপ্তবয়স্ক মহিলাদের ৮০ শতাংশই এই রোগের শিকার। তালিকায় সবচেয়ে নীচে কেরল।