চাইলেই মহিলা অথবা পুরুষ! বর্ধমানের নার্সিংহোমে বেআইনি গোপনাঙ্গ বদল
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: বর্ধমানে স্বাস্থ্যক্ষেত্রে অনৈতিক কাজকর্মের ঝাঁপি যেন শেষ হয়েও হচ্ছে না! এবার উঠল লিঙ্গ পরিবর্তনের অভিযোগ। অর্থাৎ, পুরুষ হয়ে যাচ্ছে মহিলা। আর মহিলা হয়ে যাচ্ছে পুরুষ। গোপনাঙ্গ থেকে সবকিছুই প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে অবলীলায়। তবে, বেআইনি পথে রূপান্তরের এই পরিষেবা পেতে থাকা চাই ট্যাঁকের জোরও! সব মিলিয়ে দেড় লক্ষ টাকার কিছু বেশি খরচ করলেই ইচ্ছেপূরণ। 

Advertisement

এমনই এক ‘ইচ্ছেপূরণ’-এর ঘটনা নতুন করে বেআব্রু করে দিয়েছে বর্ধমানের চিকিৎসা পরিষেবার কুলষিত চেহারাকে। সম্প্রতি ১৮ পেরনো নদীয়ার এক যুবকের সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা হয়। ওই যুবকের বাবার অভিযোগ, ‘সম্পুর্ণ বেআইনিভাবে আমার ছেলের লিঙ্গ পরিবর্তন করা হয়েছে। পরিবারের লোকজনদের জানানো হয়নি। বহরমপুরের একটি চক্র তার মগজ ধোলাই করে বর্ধমানের নার্সিংহোমে পাঠায়। বাড়ি থেকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি দু’দিন পর জানতে পেরে নার্সিংহোমে যাই। আমাদেরকে দেখে নার্সিংহোম কর্তৃপক্ষ বেশকিছু নথি তৈরি করে। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে কথা বলে জানতে পারি, লিঙ্গ পরিবর্তনের আগে পরিবারের লোকজনদের জানানো উচিত। সে সব কিছুই করা হয়নি। তাছাড়া পরিকাঠামো না থাকা সত্বেও ঝুঁকি নিয়ে সার্জারি করা হয়েছে।’ এমন গুরুতর অভিযোগ নিয়ে এখন তোলাপাড় জেলা স্বাস্থ্যদপ্তরের অন্দর। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, এধরণের অপারেশন করার আগে আদালতে হলফনামা জমা দিতে হয়। মনরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত প্রয়োজন। অত্যন্ত স্পর্শকাতর অপারেশন। ওটিতে অত্যাধুনিক যন্ত্রাংশ দরকার। অন্যদিকে, রূপান্তর হলেই শরীরে অন্য রোগ বাসা বাঁধার ঝুঁকি প্রচণ্ড বেড়ে যায়। নদীয়ার তেহট্রের বিধায়ক সুব্রত কবিরাজ বলেন, ‘বিষয়টি শোনার পর পুলিশের সঙ্গে কথা বলি। এ ধরণের  সার্জারি যে কোনও নার্সিংহোমে করা যায় না। একটি চক্র ভুল বুঝিয়ে এসব করাছে। তারা মোটা টাকা ফায়দা লুটছে। কিন্তু যাদের অপারেশন করা হচ্ছে, তাদের ভবিষ্যতের কথা ভাবা হচ্ছে না। তারা কোনও সমস্যায় পড়লে তখন আর ওই চিকিৎসকের দেখা পাওয়া যাবে না। আইন মেনে সব কিছু হলে সমস্যা নেই। কিন্তু যদি শুধু টাকার লোভে কোনো চিকিৎসক বা নার্সিংহোম এ ধরণের অপারেশন করে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার।’
বর্ধমানের এক চিকিৎসক বলছিলেন, ‘এখন লিঙ্গ পরিবর্তন সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। কিন্তু ভাবতে হবে, কোথায় অপারেশন করা হচ্ছে। এধরণের অপারেশন অত্যন্ত ব্যয়বহুল। সেটা কীভাবে এত কম খরচে করা হচ্ছে, তা ভাবতেই অবাক লাগছে। সাবালক বা সাবালিকারা নিজেদের ইচ্ছেমতো  সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু অপারেশনের আগে পরিবারের লোকজনদের জানানো উচিত। অন্যান্য অপারেশনের ক্ষেত্রেও যেমনটা হয়ে থাকে।’ জেলা স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন, বর্ধমানের ওই নার্সিংহোমের সঙ্গে একটি চক্রের যোগাযোগ রয়েছে। নদীয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে এই নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। টাকার বিনিময়ে চক্রটি ওই নার্সিংহোমে যুবকদের পাঠায়। স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, ওই নার্সিংহোমে কি ধরণের পরিকাঠামো রয়েছে, তা খতিয়ে দেখা হবে। ওই যুবকের পরিবারের লোকজন যে সব অভিযোগ করেছে, সেগুলিও তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।