চিকিৎসা করাতে পকেটে টান কোষাগার ভরছে মোদি সরকার
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চিকিৎসা পরিষেবা এখন সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। কেউ অসুস্থ হলে বিপুল খরচের চিন্তায় রাতের ঘুম উড়ে যায় পরিবারের সদস্যদের। হাসপাতালে ভরতির পর ওষুধ থেকে শুরু করে গাদাগুচ্ছের মেডিকেল টেস্ট—প্রতিটি ধাপেই খরচের বোঝা চাপছে পরিবারগুলির কাঁধে। সঞ্চয় ভেঙে, ধারদেনা করে অনেকেই কার্যত সর্বস্বান্ত হচ্ছে। অথচ স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দের একটা বড়ো অংশই খরচ হচ্ছে না বছরের পর বছর। বরং তা ফেরত গিয়ে ভরছে কেন্দ্রের কোষাগারই। ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ অর্থাৎ পাঁচ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দের ১ লক্ষ ৩২ হাজার ৭৪৯ কোটি টাকা খরচই করেনি মোদি সরকার। এমনকি স্বাস্থ্য সেস বাবদ সংগৃহীত ৪৩ হাজার ৪২৬ কোটি টাকাও জমা পড়েনি নির্দিষ্ট খাতে। এর ফল হয়েছে সাংঘাতিক। চিকিৎসার মোট ব্যয়ের ৬৭.১ শতাংশ পর্যন্ত বইতে হচ্ছে আম জনতাকেই। ২০২৩-২৪ অর্থবর্ষের ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের (এনএইচএ) পরিসংখ্যান এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) রিপোর্টে উঠে এসেছে এমনই ভয়াবহ বৈপরীত্য।

Advertisement

এনএইচএ পরিসংখ্যান সাফ জানাচ্ছে, দেশের ২১টি বড়ো রাজ্যের মধ্যে ১০টিতেই চিকিৎসার মোট খরচের ৪০ থেকে ৬৭.১ শতাংশ বহন করতে হচ্ছে পরিবারগুলিকে। ওষুধের দোকান থেকে কেনা ওষুধের খরচের ৯৯.৯৩ শতাংশ এবং বেসরকারি পরীক্ষাগারে রোগনির্ণয়ের জন্য ব্যয়ের ৯৬.৪ শতাংশও মেটাচ্ছেন সাধারণ মানুষ। ২০২৩-২৪ অর্থবর্ষে সারা দেশে কেনা হয়েছে মোট ১ লক্ষ ৭২ হাজার ৪৫৯ কোটি টাকার ওষুধ। এর মধ্যে ১ লক্ষ ৭২ হাজার ৩৪৯ কোটি টাকাই দিয়েছেন সাধারণ মানুষ। সরকারি প্রকল্পের মাধ্যমে এসেছে মাত্র ১১০ কোটি টাকা। ওই বছরে বেসরকারি পরীক্ষাগারগুলিতে বিভিন্ন ধরনের মেডিকেল পরীক্ষার জন্য খরচ হয়েছে ২৯ হাজার ২৮৯ কোটি টাকা। তার মধ্যে ২৮ হাজার ২৪৩ কোটি টাকাই গিয়েছে মানুষের নিজের পকেট থেকে। বিমা প্রকল্পগুলিও এই বিপুল ব্যয়ভার নিতে ব্যর্থ। ২০২৩-২৪ সালে দেশের মোট স্বাস্থ্যখাতে ব্যয় ছিল ৮.৩৭ লক্ষ কোটি টাকা। তার মধ্যে সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পগুলির অবদান মাত্র ৩.৯৯ শতাংশ, ৩৩ হাজার ৩৮৫ কোটি টাকা। কিন্তু এই পরিস্থিতির সবচেয়ে অস্বস্তিকর দিকটি রয়েছে সরকারি হিসাবেই। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে স্বাস্থ্য সেস বাবদ সংগৃহীত ৪৩ হাজার ৪২৬ কোটি টাকা নির্দিষ্ট স্বাস্থ্য তহবিলে জমা করা হয়নি বলে উঠে এসেছে রিপোর্টে। অথচ এই অর্থের পরিমাণ কেন্দ্রের নতুন হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির এক বছরের মোট ব্যয়ের (৪১ হাজার ৯১৪ কোটি টাকা) থেকে বেশি। শুধু তাই নয়, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪, এই পাঁচ বছরে স্বাস্থ্য মন্ত্রকের বরাদ্দ থেকে খরচই করা যায়নি ১ লক্ষ ৩২ হাজার ৭৪৯ কোটি টাকা। শেষ পর্যন্ত সেই অর্থ ফেরত গিয়েছে সরকারি কোষাগারে।
এই পরিসংখ্যানে স্পষ্ট, সাধারণ মানুষ ওষুধ কিনতে গিয়ে সঞ্চয় শেষ করছেন, বেসরকারি পরীক্ষাগারে পরীক্ষার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। অথচ স্বাস্থ্যখাতে সংগৃহীত অর্থ নির্দিষ্ট খাতে পৌঁছচ্ছে না, বরাদ্দের বিপুল অংশও খরচ হচ্ছে না। অর্থাৎ, বরাদ্দ অর্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সরকারি ব্যবস্থাতেই বড়োসড়ো গলদ? মোদি সরকারের টার্গেট— দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ২.৫ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করা। কিন্তু বাস্তবে সেই লক্ষ্যমাত্রার ধারেকাছে যাওয়া যায়নি। ফলে চিকিৎসার খরচের বড়ো অংশ এখনও মেটাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তকে।