•আইভি আর শ্রাবণের বিয়ের দিন। অতিথিরা আসতে শুরু করেছেন ধীরে ধীরে। এদিকে, পার্কিং সমস্যা নিয়ে মাথায় হাত কনেপক্ষের। শৌচালয়ের হালও বেহাল। আইভির বাবা ঠিক করেছিলেন বিয়েবাড়ির লোকেশনটা। ফলে ঘুরে ফিরে সকলের একটাই প্রশ্ন, ‘ভালো করে দেখে শুনে নেননি!’
•আইভি আর শ্রাবণের বিয়ের দিন। অতিথিরা আসতে শুরু করেছেন ধীরে ধীরে। এদিকে, পার্কিং সমস্যা নিয়ে মাথায় হাত কনেপক্ষের। শৌচালয়ের হালও বেহাল। আইভির বাবা ঠিক করেছিলেন বিয়েবাড়ির লোকেশনটা। ফলে ঘুরে ফিরে সকলের একটাই প্রশ্ন, ‘ভালো করে দেখে শুনে নেননি!’
আজকাল শহুরে জীবনে নিজেদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান করা অনেকের পক্ষেই সম্ভব নয়। ফলে ভরসা একটাই— বিয়েবাড়ি ভাড়া। তবে উপরের ঘটনার মতো পরিস্থিতি এড়াতে বিয়েবাড়ি বা ব্যাঙ্কোয়েট হল ভাড়া নেওয়ার আগে কিছু বিষয় খুঁটিয়ে দেখা খুব জরুরি।
১. মণ্ডপ ও মূল আয়োজনের জায়গা
প্রথমেই দেখুন বিয়ের মণ্ডপ কোথায় বসবে। জায়গাটা কি খোলা, না ঘরের ভিতর? অতিথিরা সহজে দেখতে পারবেন কি না, চলাফেরার জন্য যথেষ্ট জায়গা আছে কি না— এগুলি গুরুত্বপূর্ণ। অনেক সময় জায়গা ছোটো হলে ভিড় জমে যায়, বয়স্কদের জন্য মণ্ডপের সামনে বসার জায়গা রয়েছে কি না, সেটাও দেখে নেবেন। বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করার ভিড় থাকে। তাই মূল আয়োজনের জায়গা বড়ো হওয়া প্রয়োজন।
২. বর ও কনের জন্য আলাদা ঘর
বর বসার ঘর ও কনে বসার ঘর আলাদা আছে কি না, এবং সেগুলির অবস্থা কেমন— দেখে নেবেন। ঘরগুলি নিয়মিত পরিষ্কার করা হয় কি না, পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে কি না, এবং গোপনীয়তা বজায় থাকছে কি না— খেয়াল রাখা প্রয়োজন। কারণ বিয়ের দিনে এই ঘরগুলিই বিশ্রামের জায়গা।
৩. শৌচালয়ের অবস্থা
এটি এমন একটি বিষয় যা অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু পরবর্তীতে সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়। অতিথিরা পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচালয় না দেখলে বিরক্ত হন। আবার শৌচালয়ের সংখ্যাও পর্যাপ্ত থাকা চাই। জল ও স্যানিটেশনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে কি না, সেটাও দেখে নেবেন।
৪. ঘরের সংখ্যা
বিয়েবাড়ির সঙ্গে কতগুলি ঘর দেওয়া হচ্ছে, সেগুলি কারা ব্যবহার করতে পারবেন, সেটা আগেভাগে কথা বলে পরিষ্কার করে নিন। আত্মীয়দের থাকার ব্যবস্থা থাকলে সুবিধা হয়। অনেক জায়গায় আলাদা ঘরের জন্য আলাদা চার্জ নেওয়া হয়, সেই সংক্রান্ত কথাবার্তাও বলে নেবেন।
৫. এসি ব্যবস্থা
সেন্ট্রাল এসি নাকি প্রতি ঘরে আলাদা আলাদা এসি, তা জেনে নেবেন। সেন্ট্রাল এসি ব্যবস্থা থাকলে পুরো হল ঠান্ডা থাকে, কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে না। কারণ অতিথিদের আলাদা আলাদা পছন্দ থাকতেই পারে। আবার স্প্লিট এসি হলে নির্দিষ্ট জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়। তাই আপনার সুবিধা কোন ক্ষেত্রে, তা ভালো করে পরিকল্পনা করবেন।
৬. জেনারেটর ও বিদ্যুৎ খরচ
লোডশেডিং হলে জেনারেটর থাকবে কি না— এবং সেটা ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত কি না, খবর নিয়ে রাখবেন। পাশাপাশি ইলেকট্রিক বিলের বিষয়েও কথা বলে নিন। কীভাবে বিলের হিসাব হবে (ঘণ্টা অনুযায়ী নাকি ইউনিট অনুযায়ী), জিজ্ঞাসা করতে ভুলবেন না।
৭. ক্লিনলিনেস চার্জ
অনেক বিয়েবাড়িতে আলাদা করে ক্লিনিং চার্জ নেওয়া হয়। সেটা ভাড়ার মধ্যে থাকলেই সুবিধা। এ বিষয়েও খোঁজখবর নিয়ে রাখা ভালো। ইভেন্ট শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব কার, সেটাও লিখিতভাবে রাখুন।
৮. খাবারের জায়গা ও ব্যবস্থা
আপনার অতিথিরা কোথায় খাওয়াদাওয়া করবেন— সেটাও খুব গুরুত্বপূর্ণ। বুফে হলে চলাফেরার জায়গা যথেষ্ট আছে কি না, বসিয়ে খাওয়ালে টেবিল-চেয়ার ও সার্ভিস কেমন হবে, রান্নাঘর বা ক্যাটারিং স্পেস আলাদা কি না— ভালো করে বুঝে নিন। খাবারের জায়গা যদি ছোটো হয়, তাহলে ভিড় বাড়বে এবং অতিথিদের অসুবিধা হবে, মাথায় রাখবেন।
৯. ডেকরেশন ও আলো
ডেকরেশনের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কি না, ছাদে বা দেওয়ালে কাজ করা যাবে কি না— জেনে নেবেন।
১০. যাতায়াত ও লোকেশন
বিয়েবাড়ির লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাড়ি থেকে বিয়েবাড়ির লোকেশন যেন বেশি দূরে না হয়। এছাড়াও ওই এলাকা থেকে পাবলিক ট্রান্সপোর্ট কতখানি দূরে, তা দেখে রাখবেন। চিনতে অসুবিধা তো হবেই পাশাপাশি রাতে অতিথিদের ফিরতে সমস্যা হতে পারে।
১১. পার্কিং ব্যবস্থা
পার্কিংয়ের ব্যবস্থা সম্পর্কেও খোঁজ নেওয়া দরকার। আদৌ রয়েছে কি না, সেখানে কতগুলি গাড়ি রাখা যাবে, জিজ্ঞাসা করে রাখবেন। বিশেষত শহরের জন্য এটি বড়ো সমস্যা। পার্কিং না থাকলে অতিথিদের বিরক্তির শেষ থাকে না।
১২. অতিরিক্ত চার্জ ও দরদাম
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোট খরচ। বিয়েবাড়ি ভাড়ার মধ্যে কী কী অন্তর্ভুক্ত। ডেকোরেশন সহ প্যাকেজ রয়েছে কি না, অতিরিক্ত সময় লাগলে চার্জ কত, আগাম টাকা ও ক্যানসেলেশন পলিসি— সবকিছু লিখিতভাবে নিন।
এছাড়াও আরও কয়েকটি বিষয় মাথায় প্রয়োজন। সাউন্ড সিস্টেমের অনুমতি রয়েছে কি না, আশপাশের আবাসিকরা অতিরিক্ত শব্দ নিয়ে সমস্যা করেন কি না, নিরাপত্তা ব্যবস্থা কেমন, বুকিংয়ের নির্দিষ্ট সময়সীমা, কতক্ষণ পেরলে অতিরিক্ত চার্জ দিতে হবে— সবকিছু জেনে নিন।
বিয়েবাড়ি ভাড়া করার সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সময় নিয়ে প্রতিটি বিষয় যাচাই করুন। একবার ভালোভাবে দেখে নিলে, বিয়ের দিন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।