পুজোর আগে ঘরের ভোলবদল করবেন কীভাবে? রইল পরামর্শ।
পুজোর আগে ঘরের ভোলবদল করবেন কীভাবে? রইল পরামর্শ।
কথায় বলে, জীবনের ধন কিছুই যায় না ফেলা। এই প্রচলিত বাক্য যে আক্ষরিক অর্থে সত্যি, তা প্রমাণ করতে পারেন আপনি। পুজো আসছে। নানা উপায়ে ঘরের সাজ বদলে ফেলতে হবে। চেনা ঘরের মধ্যেই যেন একটুকরো অচেনা স্পর্শ। নানাবিধ উপকরণে ঘরের ভোলবদল করতে পারেন। তার মধ্যে অন্যতম পেস্তার খোসা। বাড়িতে খাওয়ার জন্য যদি পেস্তা কিনে আনেন, এখন থেকেই তার খোসাটি সযত্নে জমিয়ে রাখুন। তারপর সেই খোসা দিয়ে নিজের হাতে তৈরি করে ফেলুন নানা শিল্পকর্ম। নিজের ঘর সাজাতে তো কাজে লাগবেই, আপনি প্রিয়জনকে উপহারও দিতে পারেন।
• সুদৃশ্য মোমদানি এখন ঘর সাজানোর অন্যতম উপকরণ। পরপর পেস্তার খোসা দিয়ে জ্যামিতিক নকশায় সাজিয়ে ফেলুন মোমদানির বাইরের অংশ। আঠা দিয়ে জোড়া লাগালেই তৈরি সুদৃশ্য মোমদানি। ঠিক এভাবেই পেনস্ট্যান্ড এবং মোবাইল স্ট্যান্ডেও একই কারুকাজ করতে পারেন।
• আপনার বেডরুমের আয়না থাকলে সেখানেও ব্যবহার করতে পারেন পেস্তার খোসা। আয়নার শেপে তার চারপাশে বৃত্তাকার বা লম্বালম্বি ভাবে সাজিয়ে দিন পেস্তার খোসা। একটি ফ্রেমের মধ্যে পরপর খোসা সাজিয়ে প্রজাপতি বা ফুলের নকশাও তৈরি করতে পারেন। আঠা দিয়ে জুড়ে দিলেই তৈরি শিল্পকর্ম।
• রান্নাঘরের জানলা বা বারান্দার ঝুলন্ত ছোটো টবের বাইরেটা পেস্তার খোসা লাগিয়ে কারুকার্য করতে পারেন। টবের উপর খোসা লাগিয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিন। এরপর ফেব্রিক রং ব্যবহার করে সেই খোসার পর ইচ্ছেমতো লাল, নীল, সবুজ রঙে রাঙিয়ে নিন।
• গোলাকৃতি প্লেটের উপর পেস্তার খোসা দিয়ে তৈরি করুন একটি গাছের মোটিফ। ওয়াল হ্যাঙ্গিং হিসেবে দারুণ।
• উৎসবের আবহে বাড়িতে অতিথি সমাগম হবেই। চা বা কফি সার্ভ করার সার্ভিং ট্রে-র মধ্যে একটু নতুনত্ব আনতে পারেন। ট্রে-র ধার বরাবর পেস্তার খোসা আঠা দিয়ে লাগিয়ে নিন। প্রয়োজনে কাঠের ট্রে-র উপর আগে থেকে ড্রয়িং করে নিতে পারেন। সেই ড্রয়িং ধরে ধরে খোসা লাগিয়ে নিলেই সাধারণ ট্রে-র চেহারা বদলে যাবে।
• জানলার ধারে লাগানো উইন্ডচেন আপনার মন ভালো রাখার সঙ্গী। পুরানো উইন্ডচেন বদলে পেস্তার খোসা দিয়ে নতুন উইন্ডচেন বানিয়ে নিন। এই খোসা খুবই হালকা ফলে একটি সুদৃশ্য লম্বা কাঠের দণ্ডে দড়ির সাহায্যে পরপর ঝুলিয়ে দিন পেস্তার খোসা। ফেব্রিক দিয়ে ইচ্ছেমতো রং করে নীচে ছোটো ছোটো ঘণ্টা ঝুলিয়ে দিলে বেশ অন্যরকম দেখাবে।