ম্যাঞ্চেস্টার: ভাঙা পায়ে ঋষভ পন্থের অর্ধশতরান মন জিতে নিয়েছে ক্রিকেট মহলের। ভারতীয় উইকেটরক্ষকে মজেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ারও। তাঁর কথায়, ‘বাঁ হাতিদের ব্যাটিং দেখতে দারুণ লাগে। আমার চোখে সেরা বাঁহাতি ব্যাটার অবশ্যই ব্রায়ান লারা। তবে ইদানিং ঋষভ পন্থও মন জিতে নিয়েছে। অন্যদের কাছে যা ভাবতে পারে না, পন্থ সেটাই বাস্তবে করে দেখায়। ভাঙা পায়ে ওভাবে ব্যাটিং, ভাবতেই পারা যায় না। বীরত্বেরই পরিচয় রেখেছে ওল্ড ট্রাফোর্ডে। সত্যি বলতে কী, ও ব্যাট করলে সিট ছেড়ে উঠতে পারি না।’
ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ব্যাট করার সময় ক্রিস ওকসের বলে পায়ে চিড় ধরে পন্থের। যা পরিস্থিতি, তাতে শেষ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। এই প্রসঙ্গে গাওয়ারের সংযোজন, ‘পন্থ চোট পাওয়ায় আমি দুঃখিত। ওর অনুপস্থিতিতে পরের ম্যাচের আকর্ষণ কমবে। পন্থ ব্যাট হাতে যেটা করে, তা অন্যরা ভাবতেও পারবে না। কোচেরা যদি ১৫-১৬ বছরের তরুণদের পরামর্শ দেয় ঋষভের মতো ব্যাট কর, তাতে হিতে বিপরীত হবে। তাদের কেরিয়ারের ক্ষতি হয়ে যাবে। আসলে ঋষভ যে অনন্য!’ পন্থের পাশাপাশি যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলেরও প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।