সিপিএমের সঙ্গে বইয়ের সম্পর্ক কী? প্রশ্ন শুভেন্দুর
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেরিয়ে গিয়েছে লক্ষ্মীপুজো, তবু দুর্গাপুজোয় বামপন্থীদের বইয়ের স্টল নিয়ে রাজনীতি এখনও সরগরম। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, ‘সিপিএমের সঙ্গে বইয়ের সম্পর্ক কী?’ এদিনই সন্ধ্যায় বুক স্টলে আক্রমণ ও চোরবাগানের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে ‘লালবাজার চলো’র ডাক দিয়েছিল এসএফআই। গণেশ চন্দ্র অ্যাভিনিউতে বিরাট ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বাম ছাত্ররা জানান, দীপাবলিতে কলকাতায় ১৫টি বইয়ের দোকান হবে। আক্রমণ হলে তার দায় নিতে হবে পুলিশকে। এসএফআইয়ের প্রতিনিধি দল এদিন লালবাজারে স্মারকলিপিও জমা দেয়। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমি তো এতদিন জানতাম, সিপিএমের সঙ্গে সম্পর্ক মাওবাদীদের।’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী পালটা বলেন, ‘মুখ্যমন্ত্রী ভুল বকছেন। জঙ্গলমহলে সিপিএম কর্মীদের খুন করার সময় ওঁর সঙ্গে মাওবাদীদের কী সম্পর্ক ছিল সরকারের খাতায় তা লিপিবদ্ধ রয়েছে। এখন উনি মুখ্যমন্ত্রী তাই সরকারি খাতায় নথিবদ্ধ বিষয়গুলো জানতে পেরে ভয় পেয়েছেন। ওঁর বা ওঁর দলে বইয়ের সঙ্গে চর্চার কোন সম্পর্ক নেই।’ এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, আমি আগের মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখেছি যেখানে তিনি বলছেন, মন্দির গড়তে গেলে মাথা ভেঙে দেব। এরই পালটা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্যের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সিপিএম। যেখানে তিনি বলছেন, ‘মন্দির-মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেব।’

Advertisement