Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেস্ট হেরে টিভি আম্পায়ারকে কাঠগড়ায় তুলল ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে মাত্র তিনদিনেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫৯ রানে হারল তারা। সৌজন্যে জস হ্যাজলউড

টেস্ট হেরে টিভি আম্পায়ারকে কাঠগড়ায় তুলল ওয়েস্ট ইন্ডিজ
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্বাডোজ: ঘরের মাঠে মাত্র তিনদিনেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫৯ রানে হারল তারা। সৌজন্যে জস হ্যাজলউড। অজি পেসারের আগুনে স্পেলেই শেষ ক্যারিবিয়ানরা।  দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে ম্যাচ হেরে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টককে কাঠগড়ায় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। 

Advertisement

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ১৮০ রান। জবাবে ১৯০ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে অজিদের ৩১০ রানের জবাবে মাত্র ১৪১’এ গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১২ওভারে ৩টি মেডেন দিয়ে ৫টি শিকার করেন হ্যাজলউড। দ্বীপপূঞ্জের দলটির হয়ে সর্বাধিক রান শামার জোসেফের (৪৪)।  তবে গোটা ম্যাচে টিভি আম্পায়ারের অন্তত ছ’টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রস্টন বলেন, ‘মন ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত জানিয়েছেন আম্পায়ার, যা খুবই হতাশার।’ এরপর তাঁর সংযোজন, ‘আমি আর হোপ ভালোই খেলছিলাম। বড় স্কোর করতে পারতাম। কিন্তু ভুল সিদ্ধান্তে সব শেষ হয়ে গেল। আমরা ভুল করতে শাস্তি পাই। তাহলে আম্পায়ারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না কেন?’
এদিকে, শ্রীলঙ্কার কাছে দুই টেস্টের সিরিজ ০-১ ব্যবধানে হারল বাংলাদেশ। তার জেরে ম্যাচ শেষে নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘টেস্টে আর অধিনায়ক থাকতে চাই না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। জানি না, বোর্ড আমার সিদ্ধান্ত নিয়ে কী ভাববে।’ উল্লেখ্য, কিছুদিন আগেই শান্তকে একদিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ