সংবাদদাতা, বিষ্ণুপুর: ইলেকট্রিকের কাজ জানা বেকার যুবক-যুবতীদের এবার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, তাঁদের প্রশিক্ষণ দিয়ে ওয়ার্কমেন্স লাইসেন্স দেওয়া হবে। তার জন্য ২৩টি জেলাতেই সরকারি আইটিআই কলেজে তাঁদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎদপ্তরের সহযোগিতায় পাঁচদিনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের শংসাপত্র দেওয়া হবে। ওই শংসাপত্র সহ আবেদন করলেই ইলেকট্রিক্যাল ওয়ার্কমেন্স পারমিট পাওয়া যাবে। তা দেখিয়ে ইলেকট্রিকের কাজকর্ম করার অধিকার পাবেন সকলে। প্রশাসনের পক্ষ থেকে এব্যাপারে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাতনা সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ জহরলাল মুর্মু বলেন, ইলেকট্রিকের কাজ জানা যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই রাজ্য সরকার এই প্রশিক্ষণের আয়োজন করেছে। আবেদনের প্রক্রিয়া চলছে। আবেদনকারীর সংখ্যা দেখে সেইমতো প্রশিক্ষণ কেন্দ্র ঠিক করা হবে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, গ্রামে-গঞ্জে ও শহরে বহু বেকার যুবক ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করেন। কারও বাড়িতে বিদ্যুতের গোলযোগ হলে মূলত তাঁদেরই ডাক পড়ে। কিন্তু, অধিকাংশেরই ওই কাজ করার কোনও বৈধ লাইসেন্স নেই। মূলত কারও কাছে শিখে তাঁরা ওই কাজে যুক্ত হয়ে যান। সাধারণ মানুষের প্রয়োজন এবং নিজেদের আয়ের জন্য তাঁরা ওই কাজ করে থাকেন। অনেকেই সেটাকেই পেশা বানিয়ে সংসার চালান। রাজ্য সরকার এবার তাঁদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। তাঁদের পাঁচদিনের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হবে। প্রশিক্ষণ শেষে শংসাপত্রও দেওয়া হবে। ওই শংসাপত্র দিয়ে www.tathyasathi.bangla.gov.in এ আবেদন করলেই তাঁরা ইলেকট্রিক্যাল ওয়ার্কমেন্স পারমিট পেয়ে যাবেন। এতে প্রশিক্ষিতদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে। আবার সরকারি স্বীকৃতি পাওয়ায় তাঁদের মধ্যে কাজ করার উৎসাহ বাড়বে। চলতি মাসের ১১তারিখ থেকে রাজ্যের ২৩টি জেলায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। https://scvtwb.in/wiringtechnicians এই ওয়েবসাইটে গিয়ে ইলেকট্রিকের কাজ জানা যে কেউ আবেদন করতে পারবেন।
তালডাংরার রাজপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি স্বরূপ পাল বলেন, আমরা অন্যের কাছে হাতে-কলমে শিখে হাউস ওয়ারিং সহ ইলেকট্রিকের বিভিন্ন কাজ করি। গ্রামে-গঞ্জে আমার মতো বহু যুবক এই কাজ করেই সংসার চালান। সরকার স্বীকৃতি দিলে আমরা ভীষণ উপকৃত হব। কাজ করার ক্ষেত্রে আমরা উৎসাহিত হব। সেইসঙ্গে প্রশিক্ষণ পেলে নিজেদের দক্ষতাও বাড়বে।