রাজ্যের সব সিনেমা হলে প্রতিদিন বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সরকারের
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:১৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ছবির জন্য সিনেমা হলের দরজা আরও বেশি করে খুলে দিতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রতিটি সিনেমা হল ও প্রেক্ষাগৃহে প্রতিদিন অন্তত একটি করে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। শুধু বাংলা ছবির প্রদর্শনের সুযোগ বাড়ানোই নয়, বাংলা চলচ্চিত্রের সামগ্রিক পরিবেশ, পরিবেশনা ও আয়কে আরও শক্তিশালী করার লক্ষ্যেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে সরকারের নির্দেশিকায়। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই এই নির্দেশ জারি করা হয়েছে। 

Advertisement

নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমা হল ও প্রেক্ষাগৃহকে প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবি প্রদর্শন করতে হবে। ওই ছয় ঘণ্টার সময়সীমার মধ্যে কোন সময়ে ছবিটি দেখানো হবে, তা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ ও প্রদর্শকেরা নিজেদের সুবিধা অনুযায়ী ঠিক করতে পারবেন। অর্থাৎ, নির্দিষ্ট কোনও শোয়ের সময় বেঁধে না দিয়ে বাংলা ছবির জন্য প্রতিদিন একটি প্রদর্শনী নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই নির্দেশ কার্যকর হচ্ছে অবিলম্বে। নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকেরা নিজ নিজ এলাকায় সিনেমা হলগুলির উপর নজর রাখবেন। কলকাতা পুলিশের আওতাধীন এলাকার হলগুলির ক্ষেত্রে এই দায়িত্ব পালন করবেন কলকাতার পুলিশ কমিশনার। নির্দেশ অমান্য করলে হল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করেছে সরকার। প্রয়োজন হলে আইন মেনে সংশ্লিষ্ট সিনেমা হলের লাইসেন্স বা অনুমতি স্থগিত কিংবা বাতিল করা হতে পারে।

চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, সমস্যা এবং সম্ভাবনা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে থাকছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত চার জন বিধায়ক, পরিচালক, প্রযোজক, প্রদর্শক ও পরিবেশক সংগঠনের দু’জন করে প্রতিনিধি থাকবেন। কমিটিতে জায়গা পাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার একজন প্রতিনিধিও। কমিটির সদস্য সচিবের দায়িত্ব সামলাবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব। বাংলা ছবির প্রদর্শন ও বণ্টনের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করাই হবে কমিটির অন্যতম কাজ। সিনেমা হলের মালিকদের কী ধরনের বাণিজ্যিক ও পরিচালনাগত সমস্যার মুখে পড়তে হয়, কেন অনেক জায়গায় বাংলা ছবির পর্যাপ্ত প্রদর্শন হয় না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে। 

সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে বিস্তারিত রিপোর্ট ও সুপারিশ জমা দিতে হবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।