কলকাতা, ২৫ নভেম্বর: বাজার অগ্নিমূল্য। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। মূল্যবৃদ্ধি নিয়ে গতকালই নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক থেকে আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। বিশেষ করে তেল, চিনি, সবজির দাম যেভাবে বেড়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এরপরেই নড়েচড়ে বসল প্রশাসন। আজ সকালেই শহরের বিভিন্ন বাজারে হানা দিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শিয়ালদহের কোলে মার্কেটের পাইকারি বিক্রেতাদের কাছে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। পেঁয়াজ, রসুন থেকে বিভিন্ন জিনিস পাইকারি হারে কি দরে বিক্রি হচ্ছে তার খোঁজখবর নেন তারা। কথা বলেন বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে। এরপর শিয়ালদহের খুচরো বাজারও ঘুরে দেখেন তারা। হঠাৎ কেন দাম এভাবে বাড়ল তার উত্তর দিতে পারেননি বিক্রেতারা। ইবির আধিকারিকদের কাছে বিক্রেতারা দাবি করেছেন গত ১০ দিনে দাম অনেকটাই বেড়েছে।
দক্ষিণ কলকাতার লেক মার্কেট থেকে উত্তর কলকাতার শ্যামবাজারের সবজি বাজারের মুদির দোকান ঘুরে দেখেন সরকারি আধিকারিকরা। বিভিন্ন মুদির দোকান, যে দামে পাইকারি চিনি, তেলের মত নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেছে তার রসিদ দেখতে চান ইবির কর্তারা। তারা জানান, বিভিন্ন বাজারে অবৈধভাবে জিনিসপত্র মজুত রাখা হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।



