সংবাদদাতা, কাকদ্বীপ: পুলিশের গাড়ি ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো গোটা এলাকা। পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর কাকদ্বীপের বামুনের মোড় এলাকায়। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম বিমল দাস (৫৫)। তিনি কাকদ্বীপ অক্ষয়নগর এলাকার বাসিন্দা। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বামুনের মোড় থেকে কাকদ্বীপের দিকে একটি মেশিন ভ্যান আসছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি পুলিশের গাড়ি আসে। তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা বিমলকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ গাড়িটি বেপরোয়া ভাবে এসে ওই মেশিন ভ্যানে ধাক্কা মারে। গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেও অভিযোগ। যদিও ওই গাড়িটি কোন থানার অধীনে চলে, সে বিষয়ে পুলিশ মুখ খুলতে চায়নি।



