কলকাতা, ২৫ নভেম্বর: ফের আগুনের লেলিহান শিখার কালো ধোঁয়ায় ঢেকে গেল শহর কলকাতার আকাশ। আজ দুপুরে আগুন লাগে মল্লিক বাজারের এক বহুতলে। এই বহুতলের একতলায় একটি কাপড়ের গোডাউন রয়েছে। সেই গোডাউনেই প্রথম আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে বাড়িটির দ্বিতীয় তলে। তিনতলা বাড়িটির উপরের দুটি তলায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ ভাবে বের করে আনেন দমকল কর্মীরা।
এলাকাটি একেবারে ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যেই দমকলের মোট দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও। স্থানীয় সূত্রের খবর গুদামটি বছর দুই বন্ধ ছিল। প্রচুর পরিমাণে কাপড় মজুত ছিল এই গুদামে। অভিযোগ বহুতলটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিলনা। কিভাবে এই অগ্নিকাণ্ড তা আগুন নেভার পরে ফরেনসিক পরীক্ষার পর পরিষ্কার হবে। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি। দমকল কর্মী এবং স্থানীয়দের তৎপরতায় হতাহতের কোন খবর নেই।



