কোন বয়সে কেমন উপহার উপযুক্ত? সম্পর্কভেদেই বা তা কতটা বদলায়?
কোন বয়সে কেমন উপহার উপযুক্ত? সম্পর্কভেদেই বা তা কতটা বদলায়?
অগ্রহায়ণ মাসের সন্ধে। বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। হালকা শীতের এই সময়ে বাইরে কান পাতলেই শোনা যায় সানাইয়ের মিঠে সুর। বিয়ের নেমন্তন্নের চিঠি হাতে এলেই উপহারের চিন্তা মাথায় ঘুরপাক খেতে শুরু করে। নবদম্পতিকে কী এমন উপহার দেবেন যা একেবারে ভিন্ন ধারার হবে? বিভিন্ন বাজেটের মধ্যেই রয়েছে এমন নানা উপহার। বয়স অনুযায়ী কিছু ভাগও করতে পারেন।
বন্ধুর বিয়েতে ব্যাগ
আপনি যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হন, তাহলে বন্ধুর বিয়ের নিমন্ত্রণপত্র পেলে উপহার হিসেবে বেছে নিতে পারেন একটি সুন্দর ব্যাগ। সকলেই আপনার রুচিবোধের প্রশংসা করবে। নানা ধরনের ব্যাগ রয়েছে বাজারে। জুটের ব্যাগ, লেদার পার্স, ভেলভেট বা স্যাটিনের ভ্যানিটি ব্যাগ, নিজের বাজেট এবং পছন্দ অনুযায়ী কিনে ফেলুন। তবে একটি বিষয়ে অবশ্যই নজর রাখবেন, উপহারের ব্যাগটি যেন অবশ্যই হ্যান্ড ব্যাগ হয়। অথবা ক্লাচ জাতীয় কিছু।
উপহার হোক কাস্টমাইজড
আজকাল অনেকেই কাস্টমাইজড জিনিস খুব পছন্দ করেন। যেমন, ফোনের কভার থেকে বুকমার্ক সবই যেন হয় বিশেষভাবে আপনার পছন্দেই বানানো। নতুন বর কনের কোনও বিশেষ মুহূর্তকে কাস্টমাইজ করেও তাঁদের উপহার দিতে পারেন।
সুগন্ধি বা হাতঘড়ি
সহকর্মীর বিয়ের নিমন্ত্রণে উপহারের তালিকায় অবশ্যই রাখুন হাতঘড়ি অথবা ভালো কোনও পারফিউম। সহকর্মীর বিয়ের ক্ষেত্রে সুন্দর ল্যাম্পশেড আপনার জন্য একটি দুর্দান্ত অপশন হতে পারে। নিজের বাজেট বুঝে আর সুন্দর রং বেছে কিনে নিলেই বিয়েতে এমন উপহার বেশ প্রশংসিত হবে। তবে মনে রাখবেন ছোট ল্যাম্পশেড গিফট হিসেবে বেশি মানানসই।
আরও আছে ঘর সাজানোর জিনিস। নবদম্পতির সংসার বা নিজেদের ঘর মনের মতো করে সাজানোর জন্য শোপিস খুবই উপযুক্ত। জাঁকজমকপূর্ণ না হলেও সৌন্দর্যের দিক থেকে যেন হয় সেরা। ওয়াল হ্যাঙ্গিং বা উইন্ডচেইন এই তালিকায় রাখতেই পারেন। তবে বাস্তু সংক্রান্ত কিছু না দেওয়াই ভালো।
বিয়েতে শাড়ি
বিয়ের উপহার হিসেবে শাড়ির কোনও বিকল্প হয় না। বন্ধু, সহকর্মী, আত্মীয় সবাইকেই শাড়ি দিতে পারেন। লালের উপর সোনালি কাজ, রুপোলি জরির ঠাসা কাজ, বেগুনি, হলুদ, নীল ইত্যাদি রং বিয়ের উপহার হিসেবে কিনতে পারেন। দরকার হলে কনের সঙ্গে পরামর্শ করে তাঁর পছন্দ অনুযায়ী রং নির্বাচন করুন।
হানিমুনের টিকিট
বিয়ে মানেই একটা বড় খরচের ব্যাপার। তাই অনেক দম্পতি হানিমুনের বাজেট কম রাখেন। এখানেই আপনার উপহার বিশেষ হয়ে উঠতে পারে। প্রিয় বন্ধু হোক বা আত্মীয়— কোথায় হানিমুন করতে চান, তা আগেভাগে জেনে নিন। তারপর দম্পতির পছন্দের ডেস্টিনেশনের টিকিট উপহার হিসেবে তুলে দিন তাঁদের হাতে।
প্রিয়জনের জন্য
আপনার খুব কাছের কারও বিয়ে হচ্ছে হয়তো, তাই তাকে একেবারে ভিন্ন ধরনের কোনও উপহার দিতে চান। এদিকে সোনার গয়নার আকাশোছোঁয়া দাম। সেক্ষেত্রে রুপো হতেই পারে আপনার সঠিক চয়েস। রুপোর ঝুমকো, হাতের বালা, বড় কানের দুল ইত্যাদি বেছে নিন বাজেট বুঝে। আর রুপো দিতে না চাইলে বহু নামী সংস্থার কস্টিউম জুয়েলারি রয়েছে, সেগুলোও দেখতে পারেন। মুক্তোর গয়না নববধূর মনে ধরবেই। যে কোনও সাজের সঙ্গেও তা মানানসই। উপহার কেনার সময় যাঁকে দিচ্ছেন তাঁর পছন্দ কেমন সেদিকেও খেয়াল রাখুন। দেখবেন সহজেই উপহার কিনে ফেলতে পারবেন। আপনার দেওয়া উপহারও ভালো লাগবে।
কথিকা পাল