নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলোতেই বৃষ্টির পরিমাণ বেশি। গতকালের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের ওপর যে নিম্নচাপটি ছিল আজ ভোরে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। যার জেরে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পশ্চিমে ৬ জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয়। এরপর বৃষ্টির দাপট কমলেও সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।



