Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে অস্ত্র কারখানার হদিশ, শানিয়া গ্রামে দু’টি ওয়ান শটার সহ গ্রেপ্তার ১

মাটির দেওয়াল, খড়ের চালা দেওয়া নিতান্ত সাধারণ একটা গ্রাম্য ঘর। দেখে কোনও সন্দেহই মনে জাগে না। পুলিসেরও প্রাথমিক ভাবে সে কথা মনে হয়নি

ভরতপুরে অস্ত্র কারখানার হদিশ, শানিয়া গ্রামে দু’টি ওয়ান শটার সহ গ্রেপ্তার ১
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: মাটির দেওয়াল, খড়ের চালা দেওয়া নিতান্ত সাধারণ একটা গ্রাম্য ঘর। দেখে কোনও সন্দেহই মনে জাগে না। পুলিসেরও প্রাথমিক ভাবে সে কথা মনে হয়নি। তবে মঙ্গলবার রাতে তল্লাশি চালাতেই হতবাক পুলিস বাহিনী। ওই বাড়িটিই বেআইনি অস্ত্র কারখানা। ভরতপুর থানার শুনিয়া গ্রামে ওই বেআইনি অস্ত্র কারখানা থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে দু’টি রিভলভার সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে কালাম শেখ নামের এক যুবককে। বুধবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছেন। কান্দির এসডিপিও শাশ্রেক আম্বারদার সাংবাদিক বৈঠক করে বলেন, এদিন রাতে পুলিস গোপন সূত্রে খবর পেয়ে কালাম শেখের বাড়িতে হানা দেয়। উদ্ধার করা হয়েছে দু’টি কালো রংয়ের দেশি রিভলভার। দু’টি ম্যাচ বক্সও উদ্ধার করা হয়েছে। তার একটিতে ছিল কিছু ‘আয়রন বল’, যেগুলি ছড়রা গুলি তৈরির কাজে লাগে। অন্য বক্সটিতে পাওয়া গিয়েছে কিছু হালকা লোহার যন্ত্রাংশ। এছাড়াও ৮টি অ্যানিমেশন ক্যাপ ও দু’ প্যাকেটে গান পাউডারও পাওয়া গিয়েছে। সঙ্গে আয়রনের তৈরি ট্রিগার ও একটি হাতুড়ি পাওয়া গিয়েছে। এসডিপিও আরও জানান, ধৃতকে হেফাজতে নিয়ে এই সম্পর্কে আরও খোঁজ নেওয়া হবে। এর সঙ্গে আর কারা জড়িত, কোনও আন্তঃরাজ্য চক্রের সঙ্গে এর যোগ রয়েছে কি না, সে সব জানার চেষ্টা করা হবে। এদিকে কালাম শেখ গ্রামে একজন দিনমজুর হিসেবেই পরিচিত। কখনও অন্যের জমিতে কাজ করেন। আবার কখনও রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। তবে গ্রামে কোনও ঝামেলা হলেই কালামের নাম উঠে আসে। বাড়িতে স্ত্রী সলমা বিবি ছাড়াও একটি কন্যা সন্তান রয়েছে। সলমা জানান, আমাদের অবস্থা ‘দিন আনি দিন খাই’। পিস্তল বা বোমা তৈরি করার ক্ষমতা আমাদের নেই। আমার স্বামী এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। ওকে গ্রামের একদল লোক পরিকল্পনা করে ফাঁসিয়েছে। বাড়িতে এসব রেখে পুলিসে খবর দিয়েছে ওরা। বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গ্রাম দখলকে কেন্দ্র করে গ্রামের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। মাঝে মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এমনকী খুনের ঘটনাও ঘটেছে। ওই সকল ঘটনায় দুইপক্ষের কয়েকজনের জেল হেফাজতও হয়েছে। এমনই একটি অপরাধমূলক ঘটনায় সম্প্রতি গ্রামের কালাম বিরোধী গোষ্ঠীর একজন পাঁচদিন হল আদালতে জামিন পেয়েছে। সে বাড়ি ফেরার পরেই গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে কিছুদিন হল কালাম শেখের এক আত্মীয় গ্রামে কিছুটা জমি কেনেন। এরপর ওই জমির দখল ঘিরে দুইপক্ষের মধ্যে বচসা শুরু হয়। গ্রামে উত্তেজনা বেড়ে চলছিল। এমনকী মঙ্গলবার ভরতপুর বিএলএলআরও অফিসে ওই জমির রেকর্ড করা নিয়ে শুনানিও হয়েছে। তাতে দুইপক্ষের লোকজন হাজির হয়েছিলেন। বাসিন্দাদের একাংশের অনুমান, ওই জমির দখল নিয়ে সম্প্রতি ফের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। সেই কারণে উভয়পক্ষ গোপনে আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে চলেছিল। যে কারণে পুলিস গ্রামে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ