নিজস্ব প্রতিনিধি, তমলুক: বাল্যবিবাহ মোকাবিলায় এগিয়ে ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা দেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে প্রায় ৭০০ স্কুলের সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ দু’জন অতিরিক্ত জেলাশাসক, দুই মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) সহ আরও অনেকে অংশ নিয়েছিলেন। বাল্যবিবাহের মতো ঘটনা সমাজকে পঙ্গু করে দিচ্ছে বলে জেলাশাসক মন্তব্য করেন। ১৮ বছরের নীচে বিয়ে দেওয়া মানে মেয়েকে বিসর্জন দেওয়া বলেও তিনি জানান। এধরনের ঘটনা রুখতে শিক্ষক, অভিভাবক থেকে ছাত্রছাত্রী প্রত্যেককে এগিয়ে আসার আবেদন জানান। এদিন ভার্চুয়াল মিটিং শেষে শপথবাক্যও পাঠ করানো হয়। এই অভিশাপ থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মুক্ত হতে চাইছে বলেও সাফ জানিয়ে দেন জেলাশাসক। শিক্ষায় এগিয়ে থাকা পূর্ব মেদিনীপুর নাবালিকা বিয়েতেও রাজ্যে প্রথম। প্রতি মাসে ৭০-৭২টি নাবালিকার বিয়ের ঘটনা নথিভুক্ত হয়। যদিও প্রশাসনের নজরে না আসা ঘটনার সংখ্যা আরও অনেক বেশি। লজ্জার এই ঘটনা থেকে মুক্ত হতে চায় প্রশাসন। সেই লক্ষ্যে মঙ্গলবার কন্যাশ্রী সেলের উদ্যোগে জেলায় প্রায় ৭০০ স্কুলকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করে সচেতনতার পাঠ দেওয়া হয়েছিল। মহকুমা শাসক, বিডিও, বিদ্যালয় পরিদর্শকরা বিভিন্ন স্কুলে উপস্থিত ছিলেন। নাবালিকা বিয়ে থেকে ট্রাফিক ও প্লাস্টিক ব্যবহারের উপর সচেতনতা, মোবাইল ব্যবহারে সতর্কতা, সামাজিক মূল্যবোধ প্রভৃতি বিষয়ের উপর আলোচনা হয়। পূর্ব মেদিনীপুরে ডিজে বক্সের রমরমা ব্যবহার এবং অনেক রাত পর্যন্ত মাইক ব্যবহারের বিরুদ্ধেও ছাত্রছাত্রীদের সামাজিক আন্দোলনে শামিল হওয়ার ডাক দেন জেলাশাসক।



