নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে কোথাও যাতে জল না জমে তা নিয়ে সচেতনতার প্রচার হচ্ছে। কিন্তু একেই বলে উলুবনে মুক্তো ছড়ানো। প্রচারই সার। বাস্তবের ছবিটা ভিন্ন। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমে রয়েছে দূষিত জল। এলাকায় ছড়াচ্ছে দূষণ। এদিকে, বাসিন্দারা সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দোরে দোরে ঘুরছেন। কিন্তু জমা নোংরা জল বের করার কোনও উদ্যোগ নিচ্ছে না প্রশাসন।
মানিকপাড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একের পর এক বাড়ি তৈরি হচ্ছে। পরিকল্পনা মাফিক নিকাশির ব্যবস্থা না থাকায় চারপাশের নালার জল জমে থাকছে। নোংরা জল বাড়িতে ঢুকে যাচ্ছে। পর্যাপ্ত নর্দমা না থাকায় দূষিত জল বের হতে পারছে না। এই সমস্যা নিয়ে ব্লক, পূর্ত দপ্তরের অফিসে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ না করায় বাড়ছে ক্ষোভ।
বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষায় মানিকপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢোকার রাস্তায় পাঁচ থেকে ছ’ফুট জলমগ্ন হয়ে থাকে। মানিকপাড়া বিটহাউস, কৃষ্ণবাঁধ ও পঞ্চায়েত অফিসের দিক থেকে চারটে নিকাশি নালার জল জমা হয়। এছাড়া নিকাশি নালার জমা জল বের করার অন্য রাস্তা নেই। পঞ্চায়েত ও পূর্ত দপ্তরের কাছে আবেদন জানিয়েও সুরাহা মেলেনি।
স্থানীয় বাসিন্দা চন্দনা কুণ্ডু বলেন, নতুন বাড়ি, ঘর তৈরি হওয়ায় নিকাশি নালার জল বের হতে পারছে না। রাস্তার দূষিত জল ঘরে ঢুকে যাচ্ছে। এ ব্যাপারে সমাধানের জন্য প্রশাসনের দরজায় ঘুরেছি। কিন্তু কাজ হয়নি। অপর বাসিন্দা ভবতোষ দাসের কথায়, জমা জলের কারণে এলাকায় মশা, মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। দূষিত জল বের করা না গেলে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকছে।
মানিকপাড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহাশিস মাহাত বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ঢোকার উত্তরে নালার জল জমে আছে। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এদিকে পঞ্চায়েতের উপপ্রধান নীলিমা সিং বলেন, সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। - নিজস্ব চিত্র