করাচি, ২৬ এপ্রিল: পাকিস্তান আছে পাকিস্তানেই। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। সেই ঘটনায় যুক্ত রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এমনকী এই হামলার পিছনে পাকিস্তানি সেনাদের দায় রয়েছে বলেও দাবি করা হচ্ছে। এই সময়ে জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে ভারতকেই চোখ দেখাচ্ছে পাকিস্তান। সিন্ধু জল চুক্তি স্থগিত করায় নয়াদিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি।
গতকাল, শুক্রবার তিনি বলেছেন, ‘ভারত পহেলগাঁওয়ের ঘটনার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে। প্রধানমন্ত্রী মোদি নিজের দুর্বলতা লুকোনোর জন্য এবং তার জনগণকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা অভিযোগ তুলেছেন। ওরা একতরফাভাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সিন্ধু নদী কিন্তু আমাদের। আমরাই এর রক্ষাকর্তা আর সেটা আমাদেরই থাকবে। হয় এই সিন্ধুতে জল প্রবাহিত হবে, নয়তো ওদের রক্ত প্রবাহিত হবে।’ বিলাওয়াল ভুট্টোর এহেন মন্তব্য ভালো চোখে দেখছে না নয়াদিল্লি।
পহেলগাঁও হামলা নিয়ে নিজেদের দোষ ঢাকতে ভারতের উপর ক্ষোভ দেখাচ্ছেন পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা। এমনটাই মত বিশেষজ্ঞদের। পহেলগাঁও ইস্যুতেই পাকিস্তানের উপর একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি। আর সেই সিন্ধু নদীর জল আটকানোর কথা ঘোষণা করতেই, ভারতের দিকে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন একের পর এক পাক নেতারা।