সংবাদদাতা, লালবাগ: রবিবার বীরভূমের বৈধরা জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। আর তাতেই ব্রাক্ষ্মণী নদীর জলস্তর বেড়ে নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে মিল্কি গ্রামের আদিবাসী পাড়ায় জল ঢুকতে শুরু করে। ইতিমধ্যে কয়েকটি বাড়িতেও জল ঢুকেছে। ওই পরিবারগুলি ঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আত্মীয় পরিজন এবং উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। দুপুরের পর থেকে রসুলপুরের কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে বলে জানা গিয়েছে। নদীর জলস্তর আরও বাড়লে কুতুবপুর, জাফরপুর, ডাঙাপাড়া সহ নদীপাড়ের একাধিক গ্রাম প্লাবিত হতে পারে এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। লালবাগ মহকুমা শাসক বনমালি রায় বলেন, প্রতি বছর বর্ষায় ব্রাক্ষ্মণী নদীর জলে নবগ্রাম ব্লকের বেশকিছু এলাকা প্লাবিত হয়। এবছরও সোমবার সকাল থেকে ব্রাক্ষ্মণী নদীর জল হজবিবি ডাঙা অঞ্চলের দু-একটি এলাকায় ঢুকছে শুনেছি। জল ঢুকতে শুরু করায় মিল্কি গ্রামের আদিবাসী পাড়ার কয়েকটি পরিবার নিজেরাই অন্যত্র আশ্রয় নিয়েছে। স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় আগাম সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর ২৪ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে।



