গুয়াহাটি: লাল বলের নয়, যেন কুড়ি ওভারের ধুমধাড়াক্কায় নেমেছেন! ঋষভ পন্থ ও ধ্রুব জুরেলের আউট হওয়ার ভঙ্গি সেজন্যই প্রবল সমালোচিত। তবে খেলার শেষে প্রচারমাধ্যমের সামনে এসে ওয়াশিংটন সুন্দর আড়াল করলেন দু’জনকে। তিনি বলেছেন, ‘অন্য কোনও দিনে এই দুটো শটই ছক্কা হত। বল আছড়ে পড়ত গ্যালারিতে। তখন সবাই প্রশংসা করত, হাততালিও দিত। কখনও কখনও নিজের গেমপ্ল্যান ও স্কিল অনুসারেই চলতে হয়। অতীতে এভাবে খেলেই ওরা রান পেয়েছে। কিন্তু এক্ষেত্রে ওরা যেভাবে মারতে চেয়েছিল, সেভাবে মারতে পারেনি।’
কিন্তু তৃতীয় দিনের শেষে যা অবস্থা, তাতে হার বাঁচানোই মস্ত বড় চ্যালেঞ্জ। চতুর্থ ইনিংসে পাঁচশো রান না তাড়া করতে হয়। সুন্দর অবশ্য আশাবাদী থাকার চেষ্টা করছেন। তিনি বলেছেন, ‘জীবনে ইতিবাচক থাকতে হয়। কখন কী হবে কেউ বলতে পারে না।’ বাইশ গজ নিয়ে তাঁর মূল্যায়ন, ‘এটা মোটেই স্নেক পিট নয়। বরং খুব ভালো উইকেট। ভারতে এমন পিচে খুব একটা খেলার সুযোগ মেলে না। টিকে থাকতে পারলে রান আসবেই। জানসেনের উচ্চতার কারণে ওর ডেলিভারিগুলো গুড লেংথে পড়ে বাড়তি বাউন্স পাচ্ছিল। আমরা এমন বোলারকে আগেও সামলেছি। কিন্তু এদিন তা করা যায়নি।’
ইডেনে তিন নম্বরে নেমেছিলেন সুন্দর। কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারে পিছিয়ে যান তিনি। এদিন নামেন আট নম্বরে। এই বিষয়ে তাঁর সাফ কথা, ‘দলের প্রয়োজনে যে কোনও জায়গায় নামতে রাজি। এটা টিমগেম। আমি এমন ক্রিকেটার হতে চাই যে দলের দরকারে সবসময় অবদান রাখে। তাই ব্যাটিং হোক বা বোলিং, আমি প্রস্তুত থাকি সব সময়। আর বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে ভালোই লাগে।’
স্কোরবোর্ড: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৪৮৯। ভারত প্রথম ইনিংস (৯-০ এর পর): যশস্বী ক জানসেন বো হার্মার ৫৮, রাহুল ক মার্করাম বো মহারাজ ২২, সুদর্শন ক রিকেলটন বো হার্মার ১৫, জুরেল ক মহারাজ বো জানসেন ০, পন্থ ক ভেরিন্নে বো জানসেন ৭, জাদেজা ক মার্করাম বো জানসেন ৬, নীতীশ ক মার্করাম বো জানসেন ১০, সুন্দর ক মার্কসেন বো হার্মার ৪৮, কুলদীপ ক মার্করাম বো জানসেন ১৯, বুমরাহ ক ভেরিন্নে বো জানসেন ৫, সিরাজ অপরাজিত ২, অতিরিক্ত ৯, মোট (৮৩.৫ ওভারে) ২০১। উইকেট পতন: ১-৬৫, ২-৯৫, ৩- ৯৬, ৪-১০২, ৫-১০৫, ৬-১১৯, ৭-১২২, ৮-১৯৪, ৯-১৯৪, ১০-২০১। বোলিং: জানসেন ১৯.৫-৫-৪৮-৬, মুল্ডার ১০-৫-১৪-০, মহারাজ ১৫-১-৩৯-১, হার্মার ২৭-৬-৬৪-৩, মার্করাম ১০-১-২৬-০, মুথুস্বামী ২-০-২-০।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: রিকেলটন ব্যাটিং ১৩, মার্করাম ব্যাটিং ১২, অতিরিক্ত ১, মোট (৮ ওভারে) ২৬-০। বোলিং: বুমরাহ ৩-০-১৩-০, সিরাজ ৩-১-৮-০, জাদেজা ১-০-২-০, কুলদীপ ১-০-২-০।