শিশুদের স্কুল গড়তে গিয়ে বন দপ্তরের মামলায় জড়িয়েছিলেন যোগী? নতুন বইয়ে প্রকাশ করে পুরনো স্মৃতি রোমন্থন মুখ্যমন্ত্রীর
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১২:৪৬
Prefer us on Google

লখনউ, ১৬ নভেম্বর: গ্রামের শিশুদের জন্য স্কুল তৈরির উদ্যোগ নিতে গিয়ে বন দপ্তরের মামলার মুখে পড়তে হয়েছিল তাঁকে। আবার বনাঞ্চলের প্রান্তিক জনজাতির জীবনযাত্রার উন্নয়নেও দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। রাজনীতির মঞ্চের বাইরেও সাধারণ মানুষের সঙ্গে সংযোগ গড়ে তোলার এমন নানা অভিজ্ঞতা এবার উঠে এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নতুন বইয়ে।

Advertisement

সোমবার লখনউয়ের নিজের সরকারি বাসভবনে ‘যোগী কি পাতি’ নামে একটি বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উদ্দেশে বিভিন্ন সময়ে লেখা তাঁর চিঠির সংকলন এই বই। বই প্রকাশের অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের প্রায় ২৮-২৯ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি গোরক্ষপুরের একটি গ্রামের স্কুল তৈরির ঘটনা স্মরণ করেন তিনি। যোগী জানান, যে গ্রামে তিনি প্রতি বছর দীপাবলি উদযাপন করেন, সেখানে একসময় শিশুদের পড়াশোনার জন্য কোনো স্কুলের ব্যবস্থা ছিলনা। সেই পরিস্থিতিতে নিজের মন্দির ট্রাস্টের মাধ্যমে সেখানে একটি স্কুল তৈরির উদ্যোগ নেন তিনি। বন দপ্তরের অধীনে থাকা একটি পুরনো শেড সংস্কার করে, রং করিয়ে এবং ছাত্র-ছাত্রীদের বসার উপযুক্ত করে সেটিকে স্কুল হিসেবে গড়ে তোলা হয়। তবে এই উদ্যোগের জন্য বন দপ্তরের তরফে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বলেও জানান মুখ্যমন্ত্রী। 

অনুষ্ঠানে বনাঞ্চলে বসবাসকারী ভান্তাঙ্গিয়া সম্প্রদায়ের জীবনযাত্রার পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। যোগী জানান, একসময় ৫৪টি বসতিতে বসবাসকারী হাজার হাজার পরিবার ন্যূনতম নাগরিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত ছিল। পরবর্তী সময়ে তাদের প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি নাগরিকত্বের স্বীকৃতিও দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা থেকেই মুসাহার, থারু, গোন্ড ও কোলের মতো দীর্ঘদিন ধরে অবহেলিত জনজাতি ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি। বই প্রকাশের অনুষ্ঠানে সরকারি স্কুলগুলির বেহাল অবস্থা এবং রাজ্যে এনসেফেলাইটিসে মৃত্যুর মতো বিষয়ও উঠে আসে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাঁদের জীবনের অনালোচিত সমস্যাগুলিকে সামনে আনতেই এই বই প্রকাশের উদ্যোগ বলে ব্যাখ্যা করেন যোগী।