ছটপুজোর আগেই প্রসাদে হাত দেওয়াতে ক্ষোভ, মায়ের বেধড়ক মারধরে প্রাণ গেল ৪ বছরের শিশুর
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১২:০৮
Prefer us on Google

পাটনা, ১৬ নভেম্বর: ছটপুজোর আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল গোটা পরিবার। তখনই এক মুহূর্তে নেমে এল শোকের ছায়া। ছটপুজোর প্রসাদ তৈরির ব্যস্ততা চলছিল বাড়িতে। সেই প্রসাদে হাত দিয়েছিল চার বছরের শিশুকন্যা। অভিযোগ, তাতেই রাগের বশে নিজের মেয়েকে বেধড়ক মারধর করেন মা।  আর সেই মারে রীতিমত আহত হয় সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের সমস্তিপুর জেলায়। ইতিমধ্যেই অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মৃত শিশুর নাম সুহানি কুমারী। বয়স মাত্র চার বছর। অভিযুক্ত মায়ের দাবি, রবিবার বাড়িতে ছটপুজোর প্রস্তুতি চলছিল। পরিবারের অন্য সদস্যরা পুজোর আয়োজন করতে কাছের ঘাটে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে প্রসাদের জন্য খাবার তৈরি করছিলেন রীনা। অভিযোগ, সেই খাবারের একটি অংশে হাত দেয় সুহানি এবং তা খেয়েও ফেলে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারধর করেন রীনা। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান মা। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মেয়েকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন বাবা রাজু পাসোয়ান। পুলিশের কাছে স্ত্রীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, স্ত্রীকে ছাড়াই বাকি সন্তানদের মানুষ করবেন। 

ঘটনার খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সমস্তিপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।